খুলনায় দুটি হাসপাতালে সাতজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় খুলনা নগরীর দুটি করোনা হাসপাতালে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২০০ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৬ জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১ জন মারা গেছেন। এ নিয়ে টানা ১৮ দিন ধরে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দুই অঙ্কের নিচে থাকল। জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।
হাসপাতালগুলোর রোগী ভর্তির তথ্য থেকে দেখা গেছে, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ২০০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১০১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী ৪০ জন ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৩১ জন। এ ছাড়া হাসপাতালের ২০টি এইচডিইউ শয্যায় ১০ জন রোগী ভর্তি আছেন। অন্যদিকে, ২০টি আইসিইউ শয্যার একটিও খালি নেই।
এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ৭ জন করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন করে ১ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ছাড়পত্র নিয়েছেন ৬ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১০টি আইসিইউসহ ৪৫ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ২৫ জন। হাসপাতালের ১০টি আইসিইউ শয্যার কোনোটিই খালি নেই। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ জন করোনা রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়পত্র নিয়েছেন ৪ জন।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০ শয্যার করোনা ইউনিটে ২২ জন রোগী ভর্তি আছেন। গত এক দিনে কেউ ভর্তি না হলেও ৬ জন ছাড়পত্র নিয়েছেন। এ ছাড়া খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ শয্যার বিপরীতে ৪৩ জন ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন ৬ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়েছেন আরও ৬ জন।