খুলনায় ২৪ ঘণ্টায় ২ হাসপাতালে করোনায় ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগরের পাঁচটি করোনা হাসপাতালের দুটিতে দুই করোনা রোগী মারা গেছেন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ২০০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতাল ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজন করে মারা গেছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন খুলনা ও আরেকজন বাগেরহাটের বাসিন্দা। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৭। এর আগের দিন শনাক্তের হার ছিল ১৮। একই সময়ের মধ্যে জেলার তিনটি হাসপাতালে পাঁচজন মারা যান।
হাসপাতালগুলোয় রোগী ভর্তির তথ্য থেকে দেখা গেছে, আজ বুধবার সকাল পর্যন্ত ২০০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৬৮ রোগী ভর্তি আছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত ৩০ জন ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ২০ জন। এ ছাড়া হাসপাতালের ২০টি এইচডিইউ শয্যার সব কটিই খালি পড়ে আছে। অন্যদিকে, ২০টি আইসিইউ শয্যায় ১৮ জন ভর্তি আছেন।
এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে মাত্র ৪ জন করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন করে ২ জন ভর্তি ও ১ জন ছাড়পত্র নিয়েছেন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১০টি আইসিইউসহ ৪৫ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ২২। হাসপাতালের ১০টি আইসিইউ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৯ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন ভর্তি হয়েছেন ও তিনজন ছাড়পত্র নিয়েছেন।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০ শয্যার করোনা ইউনিটে ৯ রোগী ভর্তি আছেন। গত এক দিনে নতুন কেউ ভর্তি অথবা ছাড়পত্র নেননি। এ ছাড়া খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ শয্যার বিপরীতে ২৯ জন ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন তিনজন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়েছেন আরও পাঁচজন।