খুলনায় ৩ করোনা হাসপাতালে ৫ জনের মৃত্যু
খুলনা মহানগরীর পাঁচটি করোনা হাসপাতালের মধ্যে তিনটিতে গত ২৪ ঘণ্টায় পাঁচজন করোনা রোগী মারা গেছেন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ২০০ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতালে তিনজন এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একজন করে মারা গেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন খুলনা জেলার বাসিন্দা। বাকিরা অন্য জেলা থেকে খুলনায় চিকিৎসা নিতে এসেছিলেন। একই সময়ে জেলায় ৪৯০ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৭।
হাসপাতালগুলোতে রোগী ভর্তির তথ্য থেকে দেখা গেছে, আজ বুধবার সকাল পর্যন্ত ২০০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৭৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী ৩১ জন ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ২৩ জন। এ ছাড়া হাসপাতালের ২০টি এইচডিইউ শয্যার সব কটিই খালি পড়ে আছে। অন্যদিকে ২০টি আইসিইউ শয্যার সব কটিই পূর্ণ।
এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে মাত্র ৩ জন করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন করে কেউ ভর্তি না হলেও ২ জন ছাড়পত্র নিয়েছেন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১০টি আইসিইউসহ ৪৫ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ২৫। হাসপাতালের ১০টি আইসিইউ শয্যার কোনোটি খালি নেই। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জন করোনা রোগী ভর্তি হয়েছেন ও ৩ জন ছাড়পত্র নিয়েছেন।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০ শয্যার করোনা ইউনিটে ৯ জন রোগী ভর্তি আছেন। গত এক দিনে নতুন দুজন ভর্তি হয়েছেন ও চারজন ছাড়পত্র নিয়েছেন। এ ছাড়া খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ শয্যার বিপরীতে ৩২ জন ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন ৫ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়েছেন আরও ৩ জন।