খুলনায় ৩ হাসপাতালে করোনায় ৭ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগরের ৩টি করোনা হাসপাতালে ৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৩ দিন ধরে জেলায় করোনা রোগীর মৃত্যুর সংখ্যা দুই অঙ্কের নিচে আছে। একই সময়ে জেলায় নতুন করে ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন খুলনা জেলার বাসিন্দা। বাকিরা অন্য জেলা থেকে খুলনায় চিকিৎসা নিতে এসেছিলেন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ২০০ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৪ জন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ২ জন ও বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন মারা গেছেন।
এদিকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত জেলায় ৫৩৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৫ দশমিক ৩২।
নগরীর পাঁচটি করোনা হাসপাতালের রোগী ভর্তির তথ্য থেকে দেখা গেছে, আজ সকাল পর্যন্ত ২০০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালে রোগী ১১৩ জন ভর্তি আছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী ৪৭ জন ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৩৩ জন। এ ছাড়া হাসপাতালের ২০টি এইচডিইউ শয্যায় ১৩ জন রোগী ভর্তি আছেন। অন্যদিকে ২০টি আইসিইউ শয্যা একটিও খালি নেই।
এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ২২ জন করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন করে ২ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ছাড়পত্র নিয়েছেন ৫ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১০টি আইসিইউসহ ৪৫ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ২৮। হাসপাতালের ১০টি আইসিইউ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৮ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জন করোনা রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়েছেন ৪ জন।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০ শয্যার করোনা ইউনিটে ৩৮ জন রোগী ভর্তি আছেন। গত এক দিনে নতুন ছয়জন ভর্তি হয়েছেন এবং সাতজন ছাড়পত্র নিয়েছেন। এ ছাড়া খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ শয্যার বিপরীতে ৫০ জন ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন ৬ জন ভর্তি হয়েছেন ও সুস্থ হয়েছেন ১১ জন।