খুলনায় ৩ হাসপাতালে করোনায় ৮ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্য
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় খুলনা নগরীর তিনটি করোনা হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২০০ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৫ জন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ২ জন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন মারা গেছেন। এ নিয়ে টানা দুই সপ্তাহ ধরে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দুই অঙ্কের নিচে থাকল। জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ৪ জন খুলনা জেলার বাসিন্দা। বাকিরা অন্য জেলা থেকে চিকিৎসা নিতে খুলনায় এসেছিলেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ৫৭১ জনের নমুনা পরীক্ষায় ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১।

হাসপাতালে মৃত্যুর সংখ্যা বাড়লেও রোগীর চাপ কমেছে। নগরীর পাঁচটি করোনা হাসপাতালের মধ্যে প্রতিটি হাসপাতালেই প্রায় অর্ধেক শয্যা করে খালি পড়ে আছে। তবে দুটি সরকারি হাসপাতালে থাকা ৩০টি আইসিইউ শয্যার সব কটিই রোগীতে পূর্ণ।

হাসপাতালগুলোর রোগী ভর্তির তথ্য থেকে দেখা গেছে, আজ সকাল পর্যন্ত ২০০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালে রোগী ৯৯ জন ভর্তি আছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী ৪০ জন ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ২৮ জন। এ ছাড়া হাসপাতালের ২০টি এইচডিইউ শয্যায় ১১ জন রোগী ভর্তি আছেন। অন্যদিকে ২০টি আইসিইউ শয্যার একটিও খালি নেই।

এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ১০ জন করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন করে ১ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ছাড়পত্র নিয়েছেন ৫ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১০টি আইসিইউসহ ৪৫ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ৩১ জন। হাসপাতালের ১০টি আইসিইউ শয্যার কোনোটিই খালি নেই। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জন করোনা রোগী ভর্তি হলেও নতুন করে কেউ ছাড়পত্র পাননি।

বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০ শয্যার করোনা ইউনিটে ৩৩ জন রোগী ভর্তি আছেন। গত এক দিনে নতুন দুজন ভর্তি হয়েছেন এবং দুজন ছাড়পত্র নিয়েছেন। এ ছাড়া খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ শয্যার বিপরীতে ৩৮ জন ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন পাঁচজন ভর্তি হয়েছেন ও সুস্থ হয়েছেন পাঁচজন।