গাজীপুরে ২য় ডোজ টিকা পেলেন ১৩ হাজার পোশাককর্মী
গাজীপুর সিটি করপোরেশনের পাঁচটি পোশাক কারখানার ১৩ হাজার ১৮৮ জন শ্রমিক করোনার দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্যকর্মীরা কারখানায় গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব টিকা দিয়েছেন। তবে অনুপস্থিতিসহ বিভিন্ন কারণে এখানকার আট শতাধিক শ্রমিককে এখনো দ্বিতীয় ডোজ টিকার আওতায় নিয়ে আসা যায়নি বলে জানা গেছে।
গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে গত ১৮ জুলাই গাজীপুরের পাঁচটি কারখানায় গিয়ে শ্রমিকদের জাতীয় পরিচয়পত্র নিয়ে মডার্নার করোনা টিকা দেওয়া হয়েছিল।
এর মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকার স্প্যারো অ্যাপারেলস কারখানার ৩ হাজার ৫৫০ জন, কোনাবাড়ী এলাকায় তুসুকা ডেনিম কারখানার ২ হাজার ৫২০ জন, একই এলাকার তুসুকা ট্রাউজার কারখানার ৪ হাজার ৯০০ জন, ভোগড়া এলাকার রোজ ফ্যাশন কারখানার ১ হাজার ৮১০ জন ও টঙ্গীর স্যাটার্ন পোশাক কারখানার ১ হাজার ২৩০ জন শ্রমিক প্রথম ডোজ টিকা নিয়েছিলেন। পাঁচটি কারখানা মিলিয়ে মোট ১৪ হাজার ১০ জন শ্রমিককে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছিল।
জেলার সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, ঈদের ছুটিতে গিয়ে এখনো অনেকে কাজে ফেরেননি। আবার কারখানা পরিবর্তনের কারণে বা অন্য কোনো কারণে আট শতাধিক শ্রমিক দ্বিতীয় ডোজ টিকা নিতে পারেননি। তবে যাঁরা বাদ পড়েছেন, তাঁরা নিয়মিত টিকাদানকেন্দ্রে গিয়েও ওই টিকা নিতে পারবেন।