
ব্লাড থিনার বা রক্ত পাতলাকারী ওষুধ ব্যবহার করা হয় শিরা ও ধমনির মধ্যে রক্তের প্রবাহ বাধাহীন করতে। এই ওষুধ রক্ত জমাট বাঁধতেও বাধা দেয়। করোনাভাইরাসে সংক্রমিত গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে এ–জাতীয় ওষুধ ব্যবহার করে আশানুরূপ ফল পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিষয়ক সাময়িকী জার্নাল অব দ্য আমেরিকান কলেজ অব কার্ডিওলজিতে গত বুধবার এ-সংক্রান্ত একটি গবেষণা প্রকাশিত হয়েছে। নিউইয়র্কের হাসপাতাল ব্যবস্থায় করোনা সংক্রমিত ২ হাজার ৭৩৩ জন রোগীর ওপর পর্যবেক্ষণ করে নিবন্ধটি রচিত হয়েছে। অবশ্য গবেষক দলের সদস্য নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের চিকিৎসক ভেলেন্টিন ফাস্টারের মতে, তাঁরা যে তথ্য-উপাত্ত উপস্থাপন করেছেন, তা চূড়ান্ত সিদ্ধান্তে আসার জন্য যথেষ্ট নয়। এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন। তবে তাঁরা যে ফল পেয়েছেন, তা আশানুরূপ।
গত মার্চে যখন ইউরোপ ও যুক্তরাষ্ট্রে করোনা মহামারির বিস্তার শুরু হলো, সে সময় থেকেই চিকিৎসকেরা বলছেন, কোনো কোনো করোনা সংক্রমিত রোগীর রক্ত জমাট বাঁধার মতো সমস্যা দেখা যাচ্ছে। তবে এসব জমাট রক্ত পুরোপুরি কঠিন নয়, জেলের মতো নরম। করোনায় মৃত্যু হওয়া কিছু রোগীর ময়নাতদন্তে দেখা গেছে, তাঁদের ফুসফুসে সংক্রমণের কারণে যে ধরনের ক্ষতি হওয়ার কথা ছিল, তা পাওয়া যায়নি। তাঁদের ফুসফুসে বরং খুব ছোট আকৃতির জমাট বস্তু পাওয়া গেছে।