চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দীরা কাল থেকে পাবেন করোনার টিকা
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দীদের করোনার টিকা দেওয়া শুরুর কথা রয়েছে কাল বৃহস্পতিবার সকাল থেকে। এ জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ (জেলার) দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, কারাগারে হাজতি, কয়েদি মিলে আট হাজার বন্দী রয়েছেন। বৃহস্পতিবার থেকে তাঁদের করোনার টিকা ফাইজার দেওয়া হবে। এ জন্য কারাগারের ভেতর দুটি কক্ষে আটটি বুথ করা হয়েছে। দৈনিক সর্বনিম্ন ৫০০ বন্দীকে টিকা দেওয়া হবে। সাক্ষাৎ বন্ধসহ পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ায় কারাগারের একজন বন্দীও করোনায় আক্রান্ত হননি। নতুন বন্দী আসার পর তাঁদের কোয়ারেন্টিনে রাখা হয়।
চট্টগ্রাম কারা হাসপাতালের চিকিৎসক শামীম রেজা জানান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে বন্দীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বন্দীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হওয়ার খবরে খুশি স্বজনেরাও। বন্দী মফিজুল ইসলাম দুই বছর ধরে কারাবন্দী। তাঁর স্ত্রী কুলসুমা বেগম বলেন, পরিবারের সবাই টিকা নিয়েছেন। তাঁর স্বামী কারাগারে থাকায় টিকা নিতে পারেননি।
উল্লেখ্য, করোনা সংক্রমন এড়াতে গত বছরের এপ্রিল থেকে চট্টগ্রাম কারাগারে বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ রয়েছে। তবে বন্দীদের কারা কর্মকর্তাদের উপস্থিতিতে ভেতর থেকে স্বজনদের সঙ্গে মুঠোফোনে কথা বলার সুযোগ রয়েছে।