চট্টগ্রামে উপসর্গে মৃত্যু ৩ গুণ বেশি

সরকারি হিসাবে জুলাইয়ে করোনায় মৃত্যু ২৬১ জনের। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন লাশ দাফন ও সৎকার করে ৯৭১টি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুনা আক্তার ও তাঁর নবজাতকের শ্বাসকষ্টের সমস্যা। চার দিন ধরে নোয়াখালী শিশু হাসপাতালে ভর্তি ছিল। অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। গতকাল রাত ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে
ছবি: জুয়েল শীল

পবিত্র ঈদুল আজহার আগের দিন। সবাই ব্যস্ত। রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় নুর নাহার বেগমের (৫৫)। এত দ্রুতই অবস্থার অবনতি হয় যে বাসা থেকে চিকিৎসকের কাছে নেওয়ার পথেই মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর খবর শোনার আধা ঘণ্টার মধ্যেই মারা যান নুর নাহারের স্বামী জেবল হোসেন (৬০)। তিনিও আগে থেকে জ্বর-কাশিতে ভুগছিলেন। ঈদের দিন (২১ জুলাই) সকালে স্বামী-স্ত্রী দুজনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় দুজনের দাফন-কাফনের কাজ করেন গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবকেরা।

চট্টগ্রাম নগরের দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ফকিরখিলের বাসিন্দা এ দম্পতির মৃত্যুর মতো বহু করুণ দৃশ্যের সাক্ষী বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। গাউছিয়া কমিটির দক্ষিণ পাহাড়তলী-চিকনদণ্ডী ইউনিয়নের সমন্বয়ক ছালামত আলী বলেন, ‘অনেক সময় আমরাও চোখের পানি ধরে রাখতে পারিনি।’

নাহার-জেবল দম্পতির মতো করোনা উপসর্গ নিয়ে ৩ আগস্ট আড়াই ঘণ্টার ব্যবধানে নগরের বায়েজিদ বোস্তামীর জালালাবাদ কুলগাঁওয়ের নিজ বাসায় মারা যান আরেক দম্পতি। ওই দিন বেলা আড়াইটায় মারা যান স্বামী কাজী মোহাম্মদ শফি (৭৫), তিন ঘণ্টার পর বিকেল সাড়ে পাঁচটার দিকে মারা যান স্ত্রী মমতাজ বেগম (৭০)। তাঁদের লাশ দাফনেও অংশ নেয় গাউছিয়া কমিটি।

সরকারি হিসাবে, চট্টগ্রাম নগর ও জেলায় গত জুলাই মাসে করোনায় মৃত্যু হয় ২৬১ জনের। আর স্বেচ্ছাসেবী সংগঠন আল মানাহিল, গাউছিয়া কমিটি, নিষ্ঠা ফাউন্ডেশন ও কোয়ান্টাম ওই মাসে লাশ দাফন ও সৎকার করে ৯৭১ জনের। এ ছাড়া ১ থেকে ১০ আগস্ট পর্যন্ত ১০ দিনে দাফন ও সৎকার করা হয় ৩৯৩ জনের লাশ। আর জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, একই সময়ে মারা যান ১২০ জন।

গাউছিয়া কমিটির করোনায় লাশ দাফন-কাফন, সৎকার ও সেবা কার্যক্রমের প্রধান সমন্বয়ক মোছাহেব উদ্দিন বখতিয়ার প্রথম আলোকে বলেন, তাঁদের দম ফেলারও ফুরসত নেই। একটি লাশের গোসল, কাফন ও দাফন এবং সৎকারের কাজ শেষ হতে না হতেই আরেকটির জন্য দৌড়াতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের। এক দিনে ১৮ থেকে ১৯টি লাশও দাফন করেছেন তাঁরা।

জুলাইয়ে ৬৪০টি লাশ দাফন করে গাউছিয়া কমিটি। এর বেশির ভাগই করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া।

আল মানাহিল জুলাইয়ে ২৪১টি লাশ দাফন করে। সংগঠনের চেয়ারম্যান হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, হাসপাতাল, বাসাবাড়ি থেকে তাঁদের কাছে মৃত্যুর খবর এলে দাফন, কাফন ও সৎকার করছেন। লাশের মধ্যে করোনা ছাড়াও উপসর্গ থাকা রোগীও রয়েছেন। এক দিনে সর্বোচ্চ ১৮টি লাশও দাফন করেছেন তাঁরা।

অন্যদিকে জুলাই মাসে কোয়ান্টাম ফাউন্ডেশন ৭০টি ও নিষ্ঠা ফাউন্ডেশন ২০টি লাশ দাফন করে। কোয়ান্টামের উপদেষ্টা সমন্বয়কারী মজিবুর রহমান ও নিষ্ঠা ফাউন্ডেশনের করোনাকালীন সেবা উপকমিটির প্রধান মুহাম্মদ নুর হোসাইন প্রথম আলোকে বলেন, তাঁরা চেষ্টা করছেন সর্বোচ্চ সেবা দিতে।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে ১০ আগস্ট পর্যন্ত ৯১ হাজার ৯০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ হাজার ৮২ জন। তাঁদের মধ্যে জুলাই মাসে মৃত্যু ও সংক্রমণ বেশি। এ মাসে চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছে সাড়ে ২৩ হাজারের বেশি। এ সংখ্যা আগের যেকোনো মাসের মধ্যে সর্বোচ্চ। চলতি আগস্ট মাসেও সংক্রমণ বাড়ছে লাফিয়ে। প্রথম ১০ দিনে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৪৮ জন। আগে চট্টগ্রাম অঞ্চলে আলফা ধরন (যুক্তরাজ্য) ও বিটা ধরনের (দক্ষিণ আফ্রিকা) প্রাধান্য ছিল। এখন ভারতীয় ডেলটা ধরন দ্রুত ছড়াচ্ছে বলে জানান গবেষক ও চিকিৎসকেরা।

করোনায় মৃত্যু ও স্বেচ্ছাসেবী সংগঠনের লাশ দাফনের সংখ্যায় পার্থক্য সম্পর্কে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, করোনা পরীক্ষার পর চিকিৎসাধীন অবস্থায় যেসব রোগী মারা যাচ্ছেন, তাঁদের সরকারিভাবে হিসাব করা হচ্ছে। আর স্বেচ্ছাসেবী সংগঠনগুলো করোনা উপসর্গ, অন্য রোগে মারা যাওয়া ব্যক্তিদেরও দাফন-কাফনের কাজ করছে।

করোনা উপসর্গ দেখা দেওয়ার পরও দেরিতে হাসপাতালে আসার কারণে মৃত্যুর হার বাড়ছে বলে মনে করেন সিভিল সার্জন। তিনি বলেন, কারও করোনা উপসর্গ দেখা দিলে যাতে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেন। এরপর বাসায় থাকতে বললে বাসায়, নইলে হাসপাতালে চিকিৎসা নেবেন। অবহেলা করা যাবে না।