চট্টগ্রামে কমেছে মৃত্যু ও শনাক্তের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস।
প্রতীকী ছবি

চট্টগ্রামে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৩৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ২৪ শতাংশের বেশি। গতকাল সোমবারের চেয়ে আজ শনাক্ত ও মৃত্যু দুটিই কমেছে।

আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৮ হাজার ৩৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৬৯১ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২২৬ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৪২ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের একজন শহরের ও দুজন উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ১৫১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩২৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ২৮ শতাংশ। গতকাল চট্টগ্রামে করোনায় সাত ব্যক্তির মৃত্যু হয়।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।