চট্টগ্রামে করোনায় পুলিশ সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জহিরুল ইসলাম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া পুলিশ সদস্যের নাম জহিরুল ইসলাম (৪৪)। তিনি নগর পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার মো. আবদুল ওয়ারীশ প্রথম আলোকে বলেন, ৬ ডিসেম্বর করোনায় সংক্রমিত হন জহিরুল। ওই দিন থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে তাঁর মৃত্যু হয়।

নগর পুলিশের বিশেষ শাখা থেকে জানা যায়, জহিরুল ১৯৯৬ সালে পুলিশবাহিনীতে যোগ দেন। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের সাহাপুরে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মো. আবদুল ওয়ারীশ জানান, আজ বেলা ১১টার দিকে নগরের দামপাড়া পুলিশ লাইনস মাঠে জহিরুলের জানাজা অনুষ্ঠিত হয়। এতে নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। দাফনের জন্য জহিরুলের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হচ্ছে।

কনস্টেবল জহিরুলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।