চট্টগ্রামে করোনা শনাক্ত কমে ৫ শতাংশ

করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্ত ৫ শতাংশ।

আজ রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ২৬৮ জন। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮০১ জনের।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৩০ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২৩ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন ব্যক্তির সবাই উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৪৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ। এদিন জেলায় করোনায় একজনের মৃত্যু হয়।

এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ২৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১০৮ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৮ দশমিক ৪৬। সেদিন জেলায় করোনায় তিনজনের মৃত্যু হয়।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।