চট্টগ্রামে করোনা শনাক্ত বেড়ে ৩৩%
চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৩। একই সময়ে চট্টগ্রামে করোনায় একজন মারা যান।
আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৩৯৩। মোট মারা গেছেন ১ হাজার ৩৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় জেলায় ৩ হাজার ৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮০৭ জন। উপজেলার ২১০ জন। মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা।
আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ হাজার ৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৯৩০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩০ দশমিক ৪৬।
চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্তের ঘোষণা দেয় সরকার। এরপর প্রায় দুই বছর ধরে চলা এ মহামারির সংক্রমণচিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে।
দেশে গত বছরের আগস্টে সংক্রমণ কমতে শুরু করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণেও চলে আসে।
তবে গত বছরের শেষ দিকে আবার সংক্রমণে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। আর গত কয়েক দিনে দ্রুতই পরিস্থিতির অবনতি হতে দেখা যাচ্ছে। প্রতি তিন-চার দিনের ব্যবধানে নতুন রোগীর সংখ্যা দ্বিগুণ হচ্ছে।
এখন দেশে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ চলছে। এ ঢেউয়ে দেশে অনেকটা জ্যামিতিক হারে রোগী বাড়ছে।
দেশে করোনার তৃতীয় ঢেউ আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদেরা। মৃত্যু তুলনামূলক এখনো কম হলেও নতুন রোগী বাড়তে থাকায় সামনে মৃত্যুও বেড়ে যেতে পারে।