চট্টগ্রামে করোনা শনাক্তের হার কমে ১ দশমিক ৪৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা ভাইরাস
প্রতীকী ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময় জেলায় নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ১ হাজার ৯৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে চট্টগ্রামে মারা গেছেন ১ হাজার ৩১০ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৯৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪৮।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে ১৫ জন নগরের এবং ১৬ জন নগরের বাইরের বাসিন্দা। আর মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৬৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ২। এদিন চট্টগ্রামে করোনায় একজন মারা যান।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর গত ৯ এপ্রিল করোনায় আক্রান্ত প্রথম কোনো ব্যক্তি মারা যান।

দেশে করোনায় সংক্রমিত নতুন রোগী কমার পাশাপাশি মৃত্যুও কমেছে। গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় সংক্রমিত ১২ জনের মৃত্যু হয়। এটি গত সাত মাসের মধ্যে সংখ্যার দিক থেকে সর্বনিম্ন (২৪ ঘণ্টায়) মৃত্যু। একই সময় সারা দেশে ২২ হাজার ৩২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৬৩ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৯৭।