চট্টগ্রামে করোনা শনাক্তের হার বাড়ল
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার আগের দিনের চেয়ে বেড়ে সাড়ে ১৪ শতাংশ হয়েছে। আগের দিন শনাক্ত হার ছিল ১০ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায়ও তিন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে ৫৫৫ জন মারা গেলেন। চট্টগ্রামে এখন পর্যন্ত ৫১ হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪০ হাজার ৮৫৬ জন শহরের এবং ১০ হাজার ১৬৩ জন উপজেলার।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৯৩৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৩৬ জনের করোনা পজিটিভ আসে।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের তিনজনের একজন শহরের। দুজন উপজেলার বাসিন্দা। তাঁরা সবাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে যাঁদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে শহরের ১০১ জন। বিভিন্ন উপজেলার ৩৫ জন।
চট্টগ্রামে আগের ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছিল ১০৮ জন। শনাক্তের হার ১০ শতাংশ। তখন তিন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন।
এর আগে চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল প্রথম একজন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।