চট্টগ্রামে করোনা শনাক্তের হার ২
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ৩২ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে জেলাটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। আজ শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১৫ এবং নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৭ জন।
সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ৩০১ জন। জেলাটিতে করোনা শনাক্ত হয়েছে মোট ১ লাখ ১ হাজার ৭৮৫ জনের।
এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৪৩২ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ২ দশমিক ৪৪। সেদিন করোনায় দুজন মারা যান।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।