চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৪
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ছয় ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৪ শতাংশ।
আজ সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সরকারি হিসাবে অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ২৭৪ জন। করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮৬৫ জনের।
জাতীয় পর্যায়েও করোনার সংক্রমণ কমছে। দেশে টানা ৯ দিন ধরে নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ১০ শতাংশের নিচে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সংক্রমণ কমে এলেও আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৩৮ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২৬ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় ব্যক্তি একজন শহরের। বাকি পাঁচজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
আগের দিন চট্টগ্রামে ১ হাজার ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৫। এদিন জেলায় করোনায় তিনজনের মৃত্যু হয়।
এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৪৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ। এদিন জেলায় করোনায় একজনের মৃত্যু হয়।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।