চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু, মোট ৫৭৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস পরীক্ষার প্রতীকী ছবি

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে। এই সময়ে নতুন করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দুদিন শনাক্ত রোগীর সংখ্যা ছিল এক শর বেশি। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত রোগী নগরের বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট মারা গেছেন ৫৭৭ জন।

আজ শনিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। চট্টগ্রামে এখন পর্যন্ত ৫১ হাজার ৭৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৭৯০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৬১ জনের করোনা পজিটিভ আসে। তাঁদের মধ্যে নগরের ৫০ জন এবং নগরের বাইরে উপজেলার ১১ জন।

এদিকে ঈদের দিন গতকাল শুক্রবার দেশে করোনাভাইরাসে ২৬ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিগত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) মৃত্যুর এই সংখ্যা দেড় মাসের মধ্যে সর্বনিম্ন। আগের দুই দিনের তুলনায় বেশ কম। গত বৃহস্পতিবার ৩১ জন এবং তার আগের দিন ৪০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। নতুন করে ২৬ জনের মৃত্যু নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১০২।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, তা বুঝতে পারার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা অন্তত দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। তারপর ধীরে ধীরে বাড়তে থাকে সংক্রমণ। গত বছরের শেষ দিকে এসে সংক্রমণ কমতে থাকে।

করোনার সংক্রমণ ও এতে মৃত্যু বাড়তে থাকায় গত ৫ এপ্রিল থেকে দেশে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়, যা এখনো বহাল রয়েছে। এই বিধিনিষেধে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ধীরে ধীরে সংক্রমণ ও দৈনিক মৃত্যু কমেছে। তবে ঈদ সামনে রেখে শপিং মল ও দোকানে মানুষের ভিড় এবং ঘরমুখী মানুষের ঢল নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।