চট্টগ্রামে করোনায় এক দিনে শনাক্ত ১৮৭, মৃত্যু ২
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়ে ২ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ১৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১১ শতাংশ। আজ শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা–সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এ পর্যন্ত ৯৮ হাজার ৭২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ১ হাজার ২১১ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭০০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১১৪ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৭৩ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের ২ জনই উপজেলার বাসিন্দা। এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৬৭৩ জনের করোনার নমুনা পরীক্ষায় ২৬৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ছিল ১৬ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় ছয় ব্যক্তির মৃত্যু হয়।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।