চট্টগ্রামে করোনায় মৃত্যু হাজার ছাড়াল
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ১৬ জন মারা গেছেন। সরকারি হিসাব অনুসারে, এ নিয়ে চট্টগ্রামে করোনায় মারা যাওয়া মোট ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০।
আজ বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১ হাজার ২৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার প্রায় ৩৫ শতাংশ।
সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৮৬ হাজার ৪২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৭৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮৪৪ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪৪১ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন শহরের, অপর ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এর আগের দিন চট্টগ্রামে ৩ হাজার ৪৫০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১ হাজার ২৭৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল প্রায় ৩৭ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় ১০ ব্যক্তির মৃত্যু হয়।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
এখন বিশ্বের যেসব দেশে করোনায় মৃত্যু বেশি হচ্ছে, তার একটি বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সর্বশেষ এক সপ্তাহে (২ আগস্ট পর্যন্ত হালনাগাদ) সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে, এমন দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১২তম।