চট্টগ্রামে গণটিকার দ্বিতীয় ডোজ নিতে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণটিকা কর্মসূচির মাধ্যমে করোনার টিকার দ্বিতীয় ডোজ নিতে অপেক্ষায় সাধারণ মানুষ। উত্তর কাট্টলী জয় তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম নগর
ছবি: জুয়েল শীল

চট্টগ্রামে গণটিকা কর্মসূচির মাধ্যমে করোনার টিকার দ্বিতীয় ডোজ নিতে লোকজনের ভিড় দেখা গেছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে আজ মঙ্গলবার সকাল নয়টায় এই টিকাদান কার্যক্রম শুরু হয়।

সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের তিনটি কেন্দ্রে টিকাদানের ব্যবস্থা করা হয়। প্রতি ওয়ার্ডের ৩টি কেন্দ্রে ৩০০টি করে মোট ৯০০টি টিকা দেওয়া হবে বলে জানানো হয়। পাশাপাশি চট্টগ্রামের ১৪টি উপজেলায়ও সকাল থেকে এই টিকা কার্যক্রম শুরু হয়।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি সকালে প্রথম আলোকে বলেন, উপজেলায় সিনোফার্ম ও চট্টগ্রাম নগরে মডার্নার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। এক মাস আগে যাঁরা প্রথম ডোজ নিয়েছিলেন, তাঁরাই কেবল এখন এই গণটিকা কার্যক্রমের আওতায় দ্বিতীয় ডোজ নিতে পারবেন। এর জন্য কোনো এসএমএসের দরকার নেই।

সকালে নগরের জামালখান ওয়ার্ডের কাউন্সিলর কেন্দ্রে দেখা যায়, টিকা নিতে নারী ও পুরুষ ভিড় করেছেন। কেউ কেউ অবশ্য প্রথম ডোজ নিতে এসেছেন। তবে তাঁদের ফেরত পাঠানো হয়।

সিটি করপোরেশনের স্বাস্থ্যসংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি জহরলাল হাজারী সকালে বলেন, ‘নির্বিঘ্নে টিকাদান চলছে। কোনো অভিযোগ নেই। কোনো কোনো কেন্দ্রে প্রথম ডোজের জন্যও লোকজন ভিড় করেছেন। আমরা তাঁদের বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি।’

গত ৭ আগস্ট চট্টগ্রাম শহরের ৩৭ হাজারের বেশি মানুষ গণটিকার প্রথম ডোজ পান। আর উপজেলায় প্রায় ১ লাখ ২১ হাজার মানুষ গণটিকার প্রথম ডোজ পান।