চট্টগ্রামে মৃত্যুহীন দিনে শনাক্ত ১.৫২%
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কেউ মারা যাননি। তবে এ সময় জেলায় ২৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন।
আজ সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ৩০৪ জন। জেলায় করোনা শনাক্ত হয়েছে মোট ১ লাখ ১ হাজার ৮৫০ জনের।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৩৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১ দশমিক ৫২।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২১ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪ জন।
আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৩৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ৩। সেদিন করোনায় তিনজন মারা যান।
এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৬৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ২। সেদিন জেলায় করোনায় কারও মৃত্যু হয়নি।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
দেশে বর্তমানে করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। জাতীয় পর্যায়ে প্রায় দুই সপ্তাহ ধরে নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ৫ শতাংশের নিচে। এর মধ্যে গত এক সপ্তাহে চারটি জেলায় রোগী শনাক্তের হার শূন্যের কোঠায়। আর ১৪টি জেলায় এই হার ১ থেকে ২ শতাংশের মধ্যে। করোনার সংক্রমণ কমার পাশাপাশি মৃত্যুও অনেক কমে এসেছে। দেশের ১৯টি জেলায় গত এক সপ্তাহে করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।