চট্টগ্রামে মোটরসাইকেলে দুজন চড়তে মানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

চট্টগ্রাম নগরে কাল বুধবার থেকে মোটরসাইকেলে চড়তে পারবেন শুধু একজন। চালক ছাড়া আর কোনো আরোহী থাকতে পারবেন না। করোনাভাইরাসের সংক্রমণরোধে নগর পুলিশ কমিশনার আজ মঙ্গলবার বিকেলে এ নির্দেশনা দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) শাহ মুহাম্মদ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারিভাবে দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজনে মোটরসাইকেল ব্যবহারে একাধিক আরোহী চলাচলে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না।

পাশাপাশি বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপসের মাধ্যমে চলাচলে একই হেলমেট একাধিক ব্যক্তি ব্যবহার করেন। এতে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকছে। এ অবস্থায় করোনা সংক্রমণ রোধের জন্য নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ আদেশ দেন। এটি বুধবার থেকে কার্যকর হবে। নগরবাসীকে এ নির্দেশ মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।

চট্টগ্রামে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৩৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত হয়েছে ২৪ শতাংশের বেশি। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৮ হাজার ৩৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৬৯১ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন নগরের ২২৬ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৪২ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের ১ জন শহরের ও ২ জন উপজেলার বাসিন্দা।