চট্টগ্রামে রেকর্ড ৫৫৯ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত পাঁচজন মারা গেছেন। একই সময়ের ব্যবধানে নতুন করে ৫৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এক দিনের ব্যবধানে করোনা শনাক্তের ক্ষেত্রে এটি রেকর্ড।

আজ সোমবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৪ শতাংশ।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬০ হাজার ৯২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭২২ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪১৪ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৪৫ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের একজন শহরের ও চারজন উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৮৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩৪ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় ছয় ব্যক্তির মৃত্যু হয়।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।