চট্টগ্রামে রোগী নেই, ফিল্ড হাসপাতাল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

করোনাকালে চট্টগ্রামে স্থাপিত চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। রোগী না থাকায় সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ বেসরকারি হাসপাতাল করার চিন্তাভাবনা রয়েছে বলে জানান হাসপাতালটির উদ্যোক্তা চিকিৎসক বিদ্যুৎ বড়ুয়া।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত নাভানা গ্রুপের একটি জায়গায় ৬০ শয্যার ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়। এ হাসপাতালের মূল উদ্যোক্তা ছিলেন বিদ্যুৎ বড়ুয়া। হাসপাতালের কার্যক্রম বন্ধের বিষয়টি চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে ইতিমধ্যে অবহিতও করা হয়েছে। গত ২১ এপ্রিল এই হাসপাতালের কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত ২৫০ কোভিড রোগীকে সেবা দেওয়া হয়। এর মধ্যে চারজন মারা যান।

বিদ্যুৎ বড়ুয়া বলেন, রোগী নেই। তাই আপাতত হাসপাতালটি বন্ধ করে দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। সরকারিভাবে দেওয়া চারজন চিকিৎসককে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে বেসরকারি সহযোগিতা নিয়ে একই স্থানে একটা পূর্ণাঙ্গ হাসপাতাল করার চিন্তা রয়েছে। নাভানা গ্রুপও রয়েছে।

তবে চাইলে অন্যান্য করপোরেট গ্রুপও আসতে পারে। এ জন্য অবকাঠামো নির্মাণসহ নানা কাজ রয়েছে। সরকারি অনুমোদন প্রয়োজন হবে।

গত ৪ মাস ১০ দিনে ফিল্ড হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবক মিলিয়ে ৩৫ জন নিয়মিত সেবা প্রদান করে গেছেন।

এদিকে সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭২ জন। জেলায় এ ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৫২। এর মধ্যে উপজেলায় ৪ হাজার ৯০৫ জন এবং শহরে ১২ হাজার ১৪৭ জন আক্রান্ত রয়েছেন। এ পর্যন্ত চট্টগ্রামে মারা গেছেন ২৭১ জন।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, সংক্রমণের হার আগের চেয়ে কমেছে। তবে এখনই স্বস্তি প্রকাশের কিছু নেই। যাঁরা হাসপাতালে রয়েছেন, তাঁদের মধ্যে সংকটাপন্ন রোগী বেশি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অফিস–আদালত খুলে যাওয়ায় ঝুঁকিও বাড়বে। তবে স্বাস্থ্যবিধি মেনে চললে ঝুঁকি কমবে।