চট্টগ্রামে শনাক্ত ১২, মৃত্যু নেই
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময় জেলায় করোনা সংক্রমিত কেউ মারা যাননি।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সরকারি হিসাব অনুসারে, এখন পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২ হাজার ২১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমিত হয়ে চট্টগ্রামে মারা গেছেন ১ হাজার ৩২২ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হজার ৮২৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্ত দশমিক ৬৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৪ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি আটজন উপজেলার বাসিন্দা।
আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৮৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্ত ছিল ১ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় একজন মারা যান।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর গত ৯ এপ্রিল করোনায় আক্রান্ত প্রথম কোনো ব্যক্তি মারা যান।