চট্টগ্রামে শনাক্ত ১৩৪৮, মৃত্যু ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৫৪। একই সময়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে ৩ জন মারা গেছেন।

আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪৬০। মোট মারা গেছেন ১ হাজার ৩৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৩ হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৯১৯ জন। উপজেলার ৪২৯ জন। মারা যাওয়া ৩ জনই উপজেলার বাসিন্দা।

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৪৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৯৮৯ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল ৪০।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্তের ঘোষণা দেয় সরকার। এরপর প্রায় দুই বছর ধরে চলা এই মহামারিতে সংক্রমণ চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।

দেশে করোনার সংক্রমণ এখন বাড়ছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশে করোনা রোগী বেড়েছে ১৮০ শতাংশ। আর করোনায় মৃত্যু বেড়েছে ৮৮ শতাংশ।