চট্টগ্রামে শনাক্ত ২৩.৬৭%
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৬৭। তবে একই সময়ে চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি।
আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৪৫৭। মোট মারা গেছেন ১ হাজার ৩৩৮ জন।
গত ২৪ ঘণ্টায় জেলায় ৩ হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।
শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৬৪৭ জন। উপজেলার ৯১ জন।
আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭৪২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৬। একই সময়ে চট্টগ্রামে করোনায় তিনজন মারা যান।
চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।
দেশে এখন করোনা সংক্রমণ অতিদ্রুত বাড়ছে। সংক্রমণ বেড়ে যাওয়াকে ‘অশুভ ইঙ্গিত’ বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। তারা বলছে, সংক্রমণের লাগাম টানতে না পারলে সমূহ বিপদের আশঙ্কা আছে।
করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে গতকাল সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এ আশঙ্কা প্রকাশ করেন। তাঁরা বলেন, লকডাউন বা কঠোর বিধিনিষেধ আরোপের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বুস্টার ডোজের বয়সসীমা ৬০ বছর থেকে কমিয়ে ৫০ বছর করার সিদ্ধান্ত হয়েছে।