চট্টগ্রামে শনাক্ত ২.৫২ শতাংশ
চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৫২। একই সময় চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে কেউ মারা যাননি।
আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৪৪৭। মোট মারা গেছেন ১ হাজার ৩৬২ জন।
গত ২৪ ঘণ্টায় জেলায় ১ হাজার ৮৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৩৯ জন ও উপজেলার ৮ জন।
আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১ দশমিক ৮২।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।
দেশে এখন করোনার সংক্রমণ কমার পাশাপাশি মৃত্যুও কমেছে। গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৬৫। এ নিয়ে তিন দিন ধরে নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ৫ শতাংশের নিচে রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারণ করা মানদণ্ড অনুযায়ী, কোনো দেশে রোগী শনাক্তের হার টানা দুই সপ্তাহের বেশি ৫ শতাংশের নিচে থাকলে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।
দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে রোগী বাড়তে শুরু করে। নতুন ধরন অমিক্রনের বিস্তারে রোগী শনাক্ত ও শনাক্তের হার দ্রুত বাড়তে থাকে। ১৭ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত রোগী শনাক্ত ২০ শতাংশের বেশি ছিল। এরপর দৈনিক রোগী শনাক্ত ও শনাক্তের হার কমছে।