চট্টগ্রামে শনাক্ত ৭৬৫, মৃত্যু ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ছয়জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৭৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩১ শতাংশ।

আজ সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৭১ হাজার ৬৬৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৮৪১ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৩৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৫৬৮ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৯৭ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চারজন শহরের, দুজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ২ হাজার ৮৬২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৯৪৫ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩৩ শতাংশের বেশি। সেদিন চট্টগ্রামে করোনায় ১১ ব্যক্তির মৃত্যু হয়।

এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৯৫৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৬০০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩১ শতাংশের বেশি। সেদিন চট্টগ্রামে করোনায় পাঁচ ব্যক্তির মৃত্যু হয়।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।