চট্টগ্রামে সাড়ে ৪ মাস পর করোনায় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। গত সাড়ে চার মাসে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা এটি। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্ত ১১ দশমিক ৬৭ শতাংশ।

আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি দুজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ২৫৮। মোট মারা গেছেন ১ হাজার ৩৬৩ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৪৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের ৪৪ জন নগরের ও ৮ জন উপজেলার বাসিন্দা। মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা।
এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৬৯।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।