চট্টগ্রামে ২৪ ঘণ্টায় কমেছে করোনা শনাক্তের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এক দিন আগে জেলাটিতে করোনায় মৃত্যু হয় আটজনের। একই সময়ে চট্টগ্রামে কমেছে শনাক্তের হারও। আজ শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৪৬৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এদিন করোনা শনাক্তে ২ হাজার ৩৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২৯৭ জন এবং নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৬৯ জন। এ সময় মারা যাওয়া ব্যক্তিদের তিনজন নগরের। অপর দুজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এর আগের দিন চট্টগ্রামে ৬১৬ জনের করোনা শনাক্ত হয়। এদিন ২ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ২৪ শতাংশ।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান। সরকারি হিসাব অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৯৪ হাজার ৩১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে জেলাটিতে মারা গেছেন মোট ১ হাজার ১১৬ জন।