চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় ২ মৃত্যু, শনাক্ত ১৫৯
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আজ শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১০। ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮৬ জন এবং নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৭৩ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই নগরের বাসিন্দা।
এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৪৪২ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ১০। সেদিনও জেলাটিতে করোনায় দুজনের মৃত্যু হয়।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান। সরকারি হিসাব অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৯৯ হাজার ৯২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ২৪১ জন।