চট্টগ্রামে ২৪ ঘণ্টায় বাড়ল করোনা শনাক্তের হার
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার বেড়েছে। একই সময় জেলাটিতে নতুন করে ৩৬ জন করোনা সংক্রমিত হয়েছেন, মৃত্যু হয়েছে একজনের। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৯৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্ত ২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে ১৩ জন নগরের এবং ২৩ জন নগরের বাইরের বিভিন্ন উপজেলার। এদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সর্বশেষ ব্যক্তি উপজেলার বাসিন্দা।
এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৬০৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্ত ছিল ১ দশমিক ৫৬ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় তিনজনের মৃত্যু হয়।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত প্রথম কোনো ব্যক্তি মারা যান। সরকারি হিসাব অনুসারে, এখন পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ১ হাজার ৯৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমিত হয়ে জেলাটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৩০৯ জনের।