চট্টগ্রামে ২৪ ঘণ্টায় বেড়েছে করোনা রোগী, শনাক্তের হার ৩৭ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এক দিন আগেই জেলাটিতে ৯৮৫ জনের করোনা শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৭ শতাংশ, যা আগের দিনের চেয়ে ২ শতাংশ বেশি।

আজ মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সরকারি হিসাব অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৮৫ হাজার ১৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন মোট ৯৯৪ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৫০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। নতুন করে শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৮৩৫ জন এবং নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪৩৮ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ ব্যক্তির ৪ জন নগরের। অপর ছয়জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এর আগের দিন চট্টগ্রামে ২ হাজার ৭৮৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৯৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩৫ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় ১১ ব্যক্তির মৃত্যু হয়।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।