চট্টগ্রামে ৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আট ব্যক্তির দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় করোনায় সংক্রমিত হয়ে একজন মারা যান। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ শনিবার গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, এখন পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২ হাজার ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে চট্টগ্রামে মারা গেছেন ১ হাজার ৩২৩ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৭৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়, পরীক্ষার বিপরীতে শনাক্ত দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে দুজন চট্টগ্রাম নগরের বাসিন্দা, বাকি ছয়জন উপজেলার বাসিন্দা। মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা।

এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়, করোনা শনাক্ত হয় ১২ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্ত ছিল দশমিক ৬৫ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল করোনায় আক্রান্ত প্রথম কোনো ব্যক্তি মারা যান।