এক বছরের বেশি সময় ধরে চলমান করোনাভাইরাস মহামারির এই পর্যায়ে এসে বিশ্ব কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলছে। কারণ, ইতিমধ্যে অন্তত তিনটি টিকা তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ (ক্লিনিক্যাল ট্রায়াল) শেষ করে আশানুরূপ ফল হাতে পেয়েছে। মানবজাতির ইতিহাসে এত দ্রুততম সময়ে আর কখনো কোনো টিকা আবিষ্কৃত হয়নি।
ফাইজার-বায়োএনটেকের টিকা ইতিমধ্যে জরুরি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পেয়ে গেছে। মডার্না ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পরীক্ষার ফলাফল আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে জমা দেওয়া হয়েছে অনুমোদনের জন্য। এর বাইরে স্থানীয়ভাবে অনুমোদনের পর ইতিমধ্যে চীন, রাশিয়াসহ কয়েকটি দেশে টিকার ব্যবহার শুরু হয়েছে, যেমন রাশিয়ার গ্যামালিয়া ইনস্টিটিউটের স্পুটনিক-৫ টিকা, চীনের সিনোভ্যাক।
অনেকের কাছে প্রশ্ন—এত টিকার ভিড়ে আমরা কোনটি পাচ্ছি, পাওয়ার জন্য সরকার কী করছে, পেলেই বা তা কীভাবে বিতরণ করা হবে, কবে নাগাদ পাব, কারা আগে পাবে? এসব প্রশ্নের ভিড়ে জন্ম নিচ্ছে নানা সংশয় আর গুজবও। এ বিষয়ে নাগরিক হিসেবে স্বচ্ছ ও সঠিক তথ্য পাওয়ার অধিকার সবার রয়েছে।
সরকারের উদ্যোগ
সরকারিভাবে বাংলাদেশের কোভিড-১৯ টিকা কর্মকাণ্ডে অংশগ্রহণ শুরু হয় গত ৪ জুন, ২০২০। এদিন লন্ডনে অনুষ্ঠিত বৈশ্বিক টিকা সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ভিডিও বার্তার মাধ্যমে যুক্ত হন এবং কোভিড-১৯ টিকা বিতরণে সমতার ব্যাপারে জোর দেন। এর আগে গত এপ্রিলে স্বল্পমূল্যে টিকা দেওয়ার বৈশ্বিক উদ্যোগ গ্যাভি (গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমুনাইজেশন), সংক্রামক রোগের টিকা তৈরির জন্য আন্তর্জাতিক সহযোগিতামূলক সংস্থা (সিইপিআই-কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপিয়ার্ডনেস ইনোভেশনস) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তত্ত্বাবধায়নে কোভ্যাক্স নামের একটি উদ্যোগ তৈরি হয়।
কোভ্যাক্সের উদ্দেশ্য হলো এতে অন্তর্ভুক্ত দেশগুলোর জন্য ২০২১ সালের মধ্যে ২০০ কোটি টিকার ডোজ নিশ্চিত করা, যেন প্রতিটি দেশ তাদের মোট জনসংখ্যার অন্তত ২০ শতাংশ মানুষকে টিকা দিতে সক্ষম হয়। বাংলাদেশের মোট জনসংখ্যার ২০ শতাংশের জন্য জনপ্রতি দুই ডোজ হিসেবে মোট ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা কোভ্যাক্স থেকে পাওয়া যাবে। প্রতি ডোজ কিনতে ১ দশমিক ৬ থেকে ২ দশমিক শূন্য ডলার পর্যন্ত খরচ হবে সরকারের। এরই সুবাদে বাংলাদেশের পক্ষ থেকে গত ৯ জুলাই গ্যাভির কাছে চাহিদাপত্র পাঠানো হয় এবং তা ১৪ জুলাই গৃহীত হয়। এর ফলে টিকা পাওয়ার অগ্রগণ্য দেশ হিসেবে বাংলাদেশ ৯২টি দেশের তালিকাভুক্ত হয়।
কোভ্যাক্সের বাইরেও সরকার সরাসরি টিকা কেনার জন্য বিশ্বের বিভিন্ন দেশের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। ইতিমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাটি সরাসরি কেনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় টিকাটির স্থানীয় প্রস্তুতকারক ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের সঙ্গে ক্রয় চুক্তি সম্পন্ন করেছে। এর মাধ্যমে বাংলাদেশের ছয় মাসে তিন কোটি ডোজ টিকা পাওয়ার কথা। রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউটের সঙ্গেও স্পুটনিক-৫ টিকা বিষয়ে সরকারিভাবে আলোচনা চলমান। ফাইজার-বায়োএনটেকের টিকার জন্য বাংলাদেশ আগ্রহপত্র জমা দিয়েছে সেপ্টেম্বরে।
বিতরণ পরিকল্পনা
টিকাদান বিষয়ে বাংলাদেশের দক্ষতা বিশ্বব্যাপী প্রশংসিত। বিপুল জনসংখ্যার এই দেশে সফলভাবে টিকাদান কর্মসূচি বছরের পর বছর চালিয়ে যাওয়ার অভিজ্ঞতা পৃথিবীর অনেক দেশেরই নেই। ইতিমধ্যে কোভিড-১৯ টিকা ব্যবস্থাপনার জন্য জাতীয় পর্যায়ে তিনটি কমিটি গঠিত হয়েছে। জাতীয় কোভিড-১৯ টিকা বিতরণ ও প্রস্তুতি পরিকল্পনার প্রাথমিক খসড়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এটি অনুমোদনের জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
খসড়া পরিকল্পনা অনুসারে মোট চারটি পর্যায়ে বাংলাদেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হবে। বাকি ২০ শতাংশকে হার্ড ইমিউনিটির (গণরোগ প্রতিরোধক্ষমতা) কারণে টিকা দেওয়ার প্রয়োজন পড়বে না।
খসড়া পরিকল্পনায় এই টিকা বিতরণের প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে। টিকা বিতরণের প্রক্রিয়াটি মোট চারটি পর্যায় বা ধাপে বিভক্ত।
পর্যায়-১ (এ)
একেবারে প্রথম পর্যায়ে প্রায় ৫২ লাখ (মোট জনসংখ্যার ৩ শতাংশ) মানুষকে টিকা দেওয়া হবে। এর মধ্যে প্রথমেই রয়েছেন সব সরকারি হাসপাতালে কোভিড-১৯ রোগীর চিকিৎসাসেবায় সরাসরি জড়িত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা (অ্যাম্বুলেন্সচালক, পরিচ্ছন্নতাকর্মীসহ স্বাস্থ্যসেবায় জড়িত সব ধরনের স্বাস্থ্যকর্মী)। হিসাবমতে, এই সংখ্যা প্রায় সাড়ে ৩ লাখ। এরপর আছেন সব বেসরকারি ও স্বায়ত্তশাসিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে (এনজিওসহ) সরাসরি কোভিড-১৯ রোগীর চিকিৎসায় জড়িত সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, যার সংখ্যা প্রায় ৬ লাখ। এরপর অগ্রাধিকারের তালিকায় থাকবেন যেসব সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নন-কোভিড সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী (স্বাস্থ্যকর্মী ছাড়াও প্রশাসনিক কর্মী, লন্ড্রি ও কিচেন কর্মী, অফিস সহায়ক, চালক ও অন্যরা), যার সংখ্যা ১ লাখ ২০ হাজার।
স্বাস্থ্যকর্মীদের পরপর একই ধাপে টিকা পাবেন ২ লাখ ১০ হাজার বীর মুক্তিযোদ্ধা, যাঁরা বয়োবৃদ্ধ বলে অধিক মৃত্যুঝুঁকিতে আছেন এবং তাঁরা এই দেশের গর্ব। জাতি হিসেবে তাঁদের সুরক্ষা সর্বাগ্রে নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
বীর মুক্তিযোদ্ধাদের পর অগ্রগণ্য তালিকায় রয়েছেন স্বাস্থ্যকর্মীদের পরেই গুরুত্বপূর্ণ সব সম্মুখসারির কর্মীরা। বিশেষ করে যাঁরা ভিড়ের মধ্যে থেকে হাজারো মানুষের সংস্পর্শে দায়িত্ব পালন করছেন। তাঁরা হলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (পুলিশ, ট্রাফিক পুলিশ, আনসার, ভিডিপি। তাদের আনুমানিক সংখ্যা ৫,৪৬,৬১৯), সামরিক, আধা সামরিক ও প্রতিরক্ষা বাহিনী (আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। তাদের আনুমানিক সংখ্যা ৩,৬০,৯১৩)।
এরপরে অগ্রগণ্য তালিকায় আছেন প্রজাতন্ত্রের ৫ হাজার গুরুত্বপূর্ণ কর্মকর্তা (মন্ত্রণালয়, সচিবালয়, জেলা প্রশাসক, ইউএনও)। এরপর পাচ্ছেন ৫০ হাজার সম্মুখসারির সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। তালিকায় এরপরে আছেন ১ লাখ ৭৮ হাজার ২৯৮ জন জনপ্রতিনিধি (সাংসদ, মেয়র, সিটি করপোরেশন, পৌরসভা, কাউন্সিলর ইত্যাদি) এবং এরপরই আছেন সিটি করপোরেশনের প্রায় দেড় লাখ কর্মী, যাঁরা সরাসরি মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন।
পরের তালিকায় আছেন ৫ লাখ ৮৬ হাজার ধর্মীয় পেশাজীবী (ইমাম, মুয়াজ্জিন, চার্চ, মন্দির, বৌদ্ধমন্দির ও অন্যান্য উপাসনালয়ের ধর্মীয় পেশাজীবী)। এরপর ৭৫ হাজার দাফন ও সৎকারে যুক্ত কর্মী; গ্যাস, পানি, বিদ্যুৎ, পয়োনিষ্কাশন, ফায়ার সার্ভিস ও পরিবহনব্যবস্থায় জড়িত কর্মী, যাঁদের সংখ্যা প্রায় ৪ লাখ। এরপর আছেন প্রায় দেড় লাখ বন্দরকর্মী, ১ লাখ ২০ হাজার প্রবাসী শ্রমিক, যাঁরা কাজের জন্য সংশ্লিষ্ট দেশে ফিরে যাবেন। জেলা ও উপজেলা পর্যায়ে সরাসরি মানুষের সংস্পর্শে এসে কাজ করতে হয়, এমন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা (৪ লাখ) এবং ১ লাখ ৯৭ হাজার ৬২১ জন ব্যাংক কর্মী। এ ছাড়া এই তালিকায় আরও আছেন ৬ লাখ ২৫ হাজার, যাঁদের রোগ প্রতিরোধক্ষমতা কম বা ইমিউনোকম্প্রোমাইজড রোগী (যেমন এইচআইভি, যক্ষ্মা, ক্যানসার ইত্যাদিতে আক্রান্ত), যাঁরা বিশেষ ঝুঁকিসম্পন্ন। এ ছাড়া বাফার রিজার্ভ হিসেবে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জমা রাখা হবে প্রায় ৭৮ হাজার জনকে দেওয়ার মতো টিকা।
পর্যায়-১ (বি)
প্রথম পর্যায়ের বি ধাপে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই পর্যায়ে অগ্রগণ্য হবেন ৬০ বছর বা তদূর্ধ্ব বয়সীরা। কারণ, এই বয়সীদের করোনাজনিত মৃত্যুহার সবচেয়ে বেশি।
পর্যায়-২
দ্বিতীয় পর্যায়ে ১ কোটি ৭২ লাখ মানুষকে (জনসংখ্যার ১১-২০ শতাংশ) টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই পর্যায়ে অন্তর্ভুক্ত হবেন ৫৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তি, যাঁরা আগের ধাপগুলোতে টিকা পাননি (৫৫,৬৬,৭৫৭ জন), বয়স্ক ও ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত আরও ৩০ লাখ ২১ হাজার ৯৩৬ জন, সংক্রমণ ঝুঁকিপূর্ণ এলাকার শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী (১৭,৮৮,০৫৩ জন), পূর্ববর্তী ধাপে অন্তর্ভুক্ত না হওয়া অন্যান্য গণমাধ্যমকর্মী (৫০,০০০ জন), দুর্গম অঞ্চলগুলোর বাসিন্দা (১০,১১,২২৮ জন), ক্ষুদ্র জাতিগোষ্ঠী (১২ লাখ), গণপরিবহন কর্মী (৫ লাখ), হোটেল, রেস্টুরেন্ট ও ফার্মেসিতে কর্মরত ব্যক্তি (২,৪২,৯৬৪) এবং ৩৬ লাখ পোশাককর্মী। এর বাইরেও জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষিত থাকবে ৩ লাখ টিকা।
পর্যায়-৩
তৃতীয় পর্যায়ের আওতায় আসবেন আরও প্রায় ৩ কোটি ৪৫ লাখ মানুষ (জনসংখ্যার ২১-৪০ শতাংশ)। এই ধাপে অগ্রগণ্য হবেন শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী, যাঁরা আগের ধাপে টিকা পাননি (৬,৬৭,২০৪ জন), অন্তঃসত্ত্বা নারী (যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নিরাপদ ঘোষিত হয়), অন্যান্য সরকারি কর্মচারী, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, অন্য সিটি করপোরেশন ও পৌরসভার কর্মী, অন্যান্য স্বায়ত্তশাসিত ও আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মী, রপ্তানি ও শিল্পপ্রতিষ্ঠানের কর্মী, বেসরকারি প্রতিষ্ঠানে জরুরি সেবায় নিয়োজিত কর্মী, কয়েদি ও জেলকর্মী, শহরের বস্তিবাসী বা ভাসমান জনগোষ্ঠী, কৃষি ও খাদ্য সরবরাহের কাজে নিয়োজিত কর্মী, বিভিন্ন ডরমিটরি নিবাসী, গৃহহীন জনগোষ্ঠী, অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের কর্মী; অন্যান্য গণপরিবহনের কর্মী, যাঁরা আগের ধাপে অন্তর্ভুক্ত হননি, ৫০-৫৪ বছর বয়সী ব্যক্তি, যাঁরা আগের ধাপে অন্তর্ভুক্ত হননি।
পর্যায়-৪
চতুর্থ ও শেষ পর্যায়ে জনসংখ্যার বাকি ৪১-৮০ শতাংশকে অন্তর্ভুক্ত করতে আরও ৬ কোটি ৯১ লাখ ২৩ হাজার ৭৫৪ মানুষকে টিকা দেওয়া হবে। এ ধাপে শিশু, কিশোর, স্কুলগামী ছাত্রছাত্রী ও অন্যদের টিকার আওতায় আনা হবে।
কোভ্যাক্সের আগেই যদি সরাসরি ক্রয় চুক্তির আওতায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা চলে আসে, সে ক্ষেত্রে পর্যায়-১ বি (৬০ বছর বা তদূর্ধ্ব বয়সী) এবং পর্যায়-১ একসঙ্গেই শুরু করা সম্ভব হবে।
যেভাবে তালিকা হবে
প্রতিটি পর্যায়ে অগ্রগণ্যদের তালিকা তৈরি করবে জেলা, সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা কোভিড-১৯ সমন্বয় কমিটি। লক্ষ্য অনুযায়ী নির্দিষ্ট জনগোষ্ঠীর স্বেচ্ছা নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র বা জন্মবিবন্ধন সনদ বা পাসপোর্টের মাধ্যমে একটি ইলেকট্রনিক সিস্টেমে নিবন্ধনের ব্যবস্থা থাকবে। ইতিমধ্যে এ লক্ষ্যে কাজ শুরু হয়েছে এবং জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন চলছে।
টিকাদান কার্যক্রমটি হবে প্রতিষ্ঠানভিত্তিক অর্থাৎ সিটি করপোরেশন এলাকা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিভিন্ন কার্যালয়ে, যেমন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সংক্রামক ব্যাধি হাসপাতাল, পুলিশ হাসপাতাল, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, ইউনিয়ন বা ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় ইত্যাদির মাধ্যমে।
সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। দুজন টিকাদানকারী কর্মী ও চারজন স্বেচ্ছাসেবীর সমন্বয়ে একটি টিকা দল তৈরি হবে, যাঁরা প্রতিদিন ১০০-১৫০ জনকে টিকার ডোজ প্রদান করবেন। মোট কত দিনে সমগ্র টিকাদান কার্যক্রম শেষ হবে, তা নির্ভর করছে কত দ্রুত আমরা প্রয়োজনীয় সংখ্যক টিকা হাতে পাব, তার ওপর। তবে খসড়া পরিকল্পনা অনুসারে মোট ৭ কিস্তিতে (প্রতি কিস্তিতে ২ রাউন্ড করে) সর্বনিম্ন ৯৮ দিন থেকে সর্বোচ্চ ৩৯২ দিনে কার্যক্রম শেষ করা হবে।
টিকা প্রদানের পর পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণ ও রিপোর্ট করার জন্য টিকাদান কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিয়োজিত থাকবেন। কমিউনিটি
পর্যায়ে পর্যবেক্ষণ ও রিপোর্ট করবেন মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।
পুরো বিষয় তদারক করার সুবিধার্থে একটি মোবাইল বা ওয়েবভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। এটি স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ডেটাবেইজের সঙ্গে সমন্বিত থাকবে। এই প্ল্যাটফর্মের জনসাধারণের ব্যবহার্য অংশটি হবে মোবাইল ফোনভিত্তিক। যাঁরা এটি ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন না, তাঁদের স্থানীয় পর্যায় থেকে সহায়তা করা হবে।
বিপুল জনসংখ্যার এই দেশে এ যে এক বিশাল কর্মযজ্ঞ, তা সহজেই অনুমেয়। কিন্তু তা মোটেও অসম্ভব নয়। আশা করা হচ্ছে, ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই এ দেশে টিকার প্রথম চালান চলে আসবে এবং আমরা টিকাদান কার্যক্রম শুরু করতে পারব। এ সময়ে আমাদের যেকোনো গুজব, মিথ্যা তথ্য, ষড়যন্ত্র ও কুসংস্কার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং প্রতিহত করতে হবে। জনসাধারণের সার্বিক অংশগ্রহণ ও সহায়তায় এই বিপুল কর্মযজ্ঞ সুচারুভাবে সম্পাদন করা সম্ভব। এটা বাংলাদেশের সরকার ও জনগণের জন্য সাম্প্রতিককালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ডা. মো. মারুফুর রহমান: ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (মেডিকেল বায়োটেকনোলজি), এমআইএস, স্বাস্থ্য অধিদপ্তর