ছন্দে ফিরছে ব্রঙ্কসের বাংলাবাজার

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নির্জীব হয়ে পড়েছিল নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার এলাকা। বন্ধ হয়ে গিয়েছিল সংলগ্ন প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গিয়াস উদ্দীনের। এ কারণে শোকে মুহ্যমান ছিল গোটা এলাকা। তারপরও বাস্তবতাকে মেনে নিয়ে সিটির আইন মেনে আস্তে আস্তে খোলা শুরু হয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। চেনা ছন্দ ফিরতে শুরু করেছে ব্রঙ্কসে।
সরেজমিনে দেখা গেছে, ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে প্রিমিয়াম গ্রোসারি, ইত্যাদি গ্রোসারি, পসরা ও জনপ্রিয় খলিল বিরিয়ানি হাউস। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানেই ছিল ক্রেতাদের ভিড়।সবাই সামাজিক দূরত্ব মেনে নিয়ে বাজার করছেন। সবচেয়ে বেশি ভিড় ছিল ইত্যাদি গ্রোসারিতে। রাস্তায় ছিল বিশাল লাইন। অনেকের ঘরেই খাদ্য সামগ্রীর টান পড়েছে। তাই লকডাউন ভেঙে তাঁরা দোকানে এসেছেন খাদ্য সামগ্রীর জন্য।
দুই সপ্তাহ পর খুলেছে নিউইয়র্কের বিখ্যাত খলিল বিরিয়ানি হাউস। সামনেই দেখা গেলো অনেক মানুষের জটলা। সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁরা বাইরে অপেক্ষা করছেন। আর একজন একজন করে ভেতরে গিয়ে খাবার নিয়ে আসছেন। ভেতরে তেহারি, খিচুড়ি, চিকেন বিরিয়ানিসহ নানা খাবার কিনছেন। এই এলাকার সব রেস্টুরেন্ট দীর্ঘদিন বন্ধ। এ কারণে খলিল বিরিয়ানি খোলার খবরে এই ভিড় লেগে যায়। রেস্টুরেন্টের ভেতরে সিটির আইন মেনে কোনো বসার ব্যবস্থা নেই। কাউন্টার থেকে ছয় ফুট দূরে টেবিল। অর্ডার দেওয়া খাবার এনে রাখা হচ্ছে। দূর থেকে ট্রের মধ্যমে টাকা দেওয়া নেওয়া চলছে। সবাই সতর্কতার সঙ্গেই কাজ করছে।
কথা হলো খাবার নিতে আসা শাহেদ আহমেদের সঙ্গে। তিনি বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি। তিনি বলেন, খলিল বিরিয়ানির খাবার এমনিতেই আমার পরিবারের সবার কাছে প্রিয়। তাই খোলার খবর পেয়ে চলে এসেছি। এ ছাড়া হোম কোয়ারেন্টিনে থেকে একই রকম খাবার খেতে ভালো লাগছিল না। তাই রুচি বদলের সুযোগ পেতেই ছুটে এসেছি।
এই প্রতিষ্ঠানের মালিক শেফ খলিলুর রহমান বলেন, কর্মচারী সংকটের কারণে তিনি নিজেই আজ রান্না করছেন। বাংলাবাজারে কোনো রেস্টুরেন্ট খোলা নেই। স্টাফদের অনেকেই এখনো কাজ করতে আগ্রহী নয়। মাত্র দুজন স্টাফ নিয়েই কাজ শুরু করেছি। আশা করছি কাল-পরশু অন্যরাও এসে কাজে যোগ দেবেন। সিটির নিয়ম মেনে টেক আউট করছি। পাশাপাশি ডেলিভারির ব্যবস্থাও রেখেছি।

আল আকসা রেস্টুরেন্টের ম্যানেজার আলী হায়দার বলেন, ১৪ এপ্রিল থেকেই আকসা গ্রোসারি অ্যান্ড হালাল মিট খুলবে। আপাতত গ্রাহকেরা ঘরে বসেই ফোনে অর্ডার দিয়ে দোকানে এসে খাবার পিক আপ করতে পারবেন। পিক আপের জন্য প্রতিদিন দোকান সকাল ১০টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত খোলা থাকবে। আশা করছি সহসাই রেস্টুরেন্টও খুলতে পারব। তবে সবকিছুই নির্ভর করছে পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয় তার ওপর।
বাংলাবাজারে আসা আবুল বাশার বলেন, ঘরে বসে বোরিং হয়ে পড়েছি। তাই পরিস্থিতি দেখার জন্য বের হয়েছি। বাংলাবাজারের এই দৃশ্য মনকে পীড়া দিচ্ছে। প্রার্থনা করছি অচিরেই যেন সব দোকান চালু হয়ে যায়।
এই এলাকায় সদ্য প্রয়াত গিয়াস উদ্দীনের ডাবল ডিসকাউন্ট স্টোর। এখন শাটার বন্ধ। শোক কাটিয়ে পরিবারের লোকজন কবে দোকান খুলবে জানা নেই কারও।