ছেড়ে দিয়ে তেড়ে ধরা, করোনার পাঁচকাহন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা দেশ লকডাউন করার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বলেছেন, এ ছাড়া উপায় ছিল না। দেশবাসী, বিশেষত নুন আনতে যাঁদের পান্তা ফুরোয়, তাঁরা ক্ষমা করবেন কি না, তাঁরাই জানেন। প্রথম কারণ, ২১ দিন কাটলেই ভোগান্তি দূর হচ্ছে না। দ্বিতীয় কারণ, গরিবদের দুর্দশা কীভাবে দূর হবে, তার কোনো ইঙ্গিত প্রধানমন্ত্রী দেননি। তৃতীয়ত, কাজ হারানো মানুষগুলো আগামী দিনে কোন আশায় বাঁচবেন, তার আভাসও মেলেনি।
তা সত্ত্বেও দুটো কথা। প্রথমত, করোনা মোকাবিলায় সার্বিক লকডাউন ছাড়া উপায় ছিল না। প্রধানমন্ত্রী তাই ঠিকই করেছেন। দ্বিতীয়ত, সরকার ক্ষমাহীন ভুল করেছে পরিস্থিতি উপেক্ষা ও অবহেলা করে। প্রধানমন্ত্রী বিরোধীদের পরামর্শ কানে তোলেননি। রাহুল গান্ধী ১২ ফেব্রুয়ারি চিঠি লিখে তাঁকে সতর্ক করে বলেছিলেন, করোনা ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। এখন থেকেই ব্যবস্থা না নিলে পরিস্থিতি দ্রুত নাগালের বাইরে চলে যাবে। মোদি গুরুত্ব দেননি। উল্টো তাঁর দলের কেষ্ট–বিষ্টরা কটাক্ষ করে বলেছিলেন, রাহুল অকারণে আতঙ্ক সৃষ্টি করছেন।
আমল না দেওয়ার কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর ও দিল্লির দাঙ্গা। এ দুইয়ের তালেগোলে ফেব্রুয়ারি কাটতেই এসে যায় পার্লামেন্ট অধিবেশন। দাঙ্গার আলোচনা এড়াতে সরকার তখন কৌশলে ব্যস্ত। তার মধ্যেই কংগ্রেস বারকয়েক করোনা প্রসঙ্গ তোলে। সরকার হেলদোলহীন। তাদের মনপ্রাণ জুড়ে তখন শুধুই মধ্যপ্রদেশ। কংগ্রেসের শীর্ষ নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে ‘ডিল’ তত দিনে ‘কমপ্লিট’। অনুগামীদের বেঙ্গালুরু চালান করে সিন্ধিয়া দিল্লি পৌঁছে গেছেন। বিজেপিতে ঢুকে রাজ্যসভা অলংকৃত করার প্রহর গুনছেন। সবাই যখন ১৫ মাসের কংগ্রেস সরকারের পতনের অপেক্ষায়, আস্থা ভোট পাশ কাটাতে বিধানসভার স্পিকার তখনই ১০ দিনের জন্য অধিবেশন মুলতবি করে দিলেন। উপলক্ষ করোনা–আতঙ্ক। সেদিন ১৬ মার্চ।
প্রমাদ গনল বিজেপি। একই কারণে ঠিক আগের দিন মুলতবি হয়েছে রাজস্থান বিধানসভার অধিবেশন। সংসদ বন্ধের দাবিও প্রবল। সরকারি মননে তখন শুধুই আস্থা ভোট। সুপ্রিম কোর্টের কড়া নেড়েছে বিজেপি। করোনার দরুন সংসদ বন্ধ করে দিলে মধ্যপ্রদেশ বিধানসভার স্পিকারের নির্দেশ সুপ্রিম কোর্টের মান্যতা পেয়ে যেতে পারে। সেই আশঙ্কায় চালু রাখা হয় সংসদ।
তিন দিন পর, ১৯ মার্চ, সুপ্রিম কোর্ট আস্থা ভোটের নির্দেশ দিলেন। সেই রাতে প্রধানমন্ত্রী জাতিকে জানালেন, ২২ মার্চ জনতা কারফিউ। তত দিনে মূল্যবান চল্লিশটা দিন কাবার। সংসদ মুলতবি হলো ২৪ মার্চ। সেই রাতেই শুরু লকডাউন।
প্রধানমন্ত্রী মোদির চরিত্র বদলে দিয়েছে করোনা। ছয় বছরে এই প্রথম তাঁকে দেখা গেল সবার সঙ্গে আলোচনা করছেন। জনতা কারফিউয়ের সিদ্ধান্ত তাঁর একার। লকডাউনের সিদ্ধান্তও। হপ্তা দুই কাটার পর জল যখন নাকের ওপর দিয়ে বইতে শুরু করেছে, তখন নড়েচড়ে বসলেন। প্রথম বৈঠক ৯ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। তারপর দুই সাবেক রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ও প্রণব মুখার্জি এবং দুই সাবেক প্রধানমন্ত্রী দেব গৌড়া ও মনমোহন সিংয়ের সঙ্গে ফোনালাপ। একে একে সোনিয়া গান্ধী, মুলায়ম সিং, অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, নবীন পট্টনায়ক, চন্দ্রশেখর রাও, এম কে স্ট্যালিন, প্রকাশ সিং বাদলের সঙ্গেও। লকডাউনের মেয়াদ বাড়ানো-কমানোর সিদ্ধান্তের শরিক করতে চান সবাইকে।
নোট বাতিল, সংবিধানের ৩৭০ ধারা বিলোপ, জম্মু-কাশ্মীরের দ্বিখণ্ডিতকরণ, সারা দেশে জিএসটি চালুর সিদ্ধান্ত মোদি নিয়েছিলেন কাকপক্ষীকে টের পেতে না দিয়ে। নাগরিকত্ব বিলে বিরোধী আপত্তিতে আমল দেননি। সেই প্রধানমন্ত্রী হঠাৎ এমন গণতন্ত্রী? জনে জনে পরামর্শ? রাজনৈতিক ব্যাখ্যা, দুর্যোগ ঠেকানো গেলে তাঁর জয় জয়কার হবে। না গেলে বলা যাবে, সবার মত নিয়েই যা করার করেছি। ব্যর্থতা একার নয়।
ক্যানসার মানুষকে মারে দুভাবে। প্রাণে মারে, ভাতেও। রোগী মরে। পরিবারও। করোনাও খানিকটা ওই ধাঁচের। ওষুধ নেই। প্রতিষেধকও নয়। প্রান্তিক মানুষজন ভয় পাচ্ছেন। করোনায় বাঁচলেও অনাহারে না মরতে হয়! কলকারখানা, মাঠঘাট, খেতখামার তাঁদের কর্মভূমি। সংবিধানের প্রথম বাক্যে যা লেখা, ‘ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, ’এঁরা সেই ভারতের বাসিন্দা। রসে-বশে থাকা ‘ইন্ডিয়ানরা’ এঁদের ওপর খাপ্পা। কিছুতেই তাঁরা বুঝছেন না, লকডাউন সত্ত্বেও এঁরা পিঠে ব্যাগ ঝুলিয়ে রেল ও বাস স্টেশনগুলোয় কেন গাদাগাদি ভিড় জমান। কেন ‘সোশ্যাল ডিসট্যান্সিং’ মানেন না। ঘরবন্দী থাকেন না।
ঘরে থাকতে বলছেন ইন্ডিয়ার ‘পেজ থ্রি সিটিজেনরাও’। নিজ নিকেতনে এ-ঘর ও-ঘর ঘুরঘুর করছেন তাঁরা। ফেসবুক-ইনস্টাগ্রামে ছবি ও জ্ঞান ছাড়ছেন! বস্তি বা ঝুপড়ির দশ বাই দশ ঘুপচিতে সপরিবার থাকার যন্ত্রণা তাঁদের অজানা। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের হুকুম মানলে ঘরে টেকা দায়, না মানলে সংক্রমণ। কী করবেন এই প্রান্তিক মানুষরা?
আতঙ্ক, আলস্য, দুশ্চিন্তা ও অসহায়তায় ভরা এ এক অনিশ্চিত সাম্যবাদী জীবন। সাম্যবাদের এমন উৎকৃষ্ট সর্বব্যাপী উদাহরণ আগে কেউ দেখেনি।
ভেবেছিলাম করোনা অন্তত রাজনীতিকে তফাতে রাখবে। কিন্তু তা আর হলো কোথায়? নিজামুদ্দিনে তাবলিগ জামাত শাসককুলের হাতে তুলে দিল মারাত্মক এক বিভাজনী অস্ত্র। হিন্দুত্ববাদীদের নিশানায় এখন একটা গোটা সম্প্রদায়। প্রচার চলছে, তারাই করোনা সংক্রমণের নাটের গুরু। সরকারি ভাষ্য, তাবলিগ সমাবেশের দরুণ করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে ৪ দশমিক ১ দিনে। নইলে সময় নিত ৭ দশমিক ৪ দিন।
হয়তো হক কথা। কিন্তু দু–চারটে প্রশ্নের উত্তর যে কিছুতেই পাচ্ছি না। যেমন রেড অ্যালার্টের পরেও এক জায়গায় এত মানুষকে আসতে কেন দেওয়া হলো? ট্যুরিস্ট ভিসায় এসে বিদেশিরা সরকারের নাকের ডগায় কী করে ধর্ম প্রচার করে গেল? গোয়েন্দারা কেন নিষ্কর্মার ঢেঁকি ও দিল্লির পুলিশ নিধিরাম সর্দার সেজে রইল? শারদ পাওয়ার তো খোদ প্রধানমন্ত্রীকেই প্রশ্ন করেছেন, মহারাষ্ট্র তাবলিগ জামাতের অনুমতি দেয়নি, কেন্দ্রীয় সরকার কেন দিল? কেন পুলিশ দশ দিন আগে তাবলিগের মারকাজ খালি করল না? কেনই–বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে আসরে নামতে হলো? এবং মোক্ষম প্রশ্ন, দোভালের সঙ্গে বৈঠকের পরেই কী করে মাওলানা সাদ নিরুদ্দেশ হলেন? তাবলিগের পাশাপাশি কে বা কারা তা হলে সমান অপরাধী?
ছেড়ে দিয়ে তেড়ে ধরা করোনার পাঁচকাহনে অনেক প্রশ্নের উত্তর হাতড়ে চলেছি।
সৌম্য বন্দ্যোপাধ্যায় প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি