জীবন বাঁচাতে হবে

করোনাভাইরাসে বৈশ্বিক অভিজ্ঞতা থেকে এখন দুটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। এক. আশা করা হয়েছিল বিষয়টি সহসা নিষ্পত্তি হবে, কিন্তু তা হচ্ছে না। সিঙ্গাপুরে যখন মনে করা হয়েছিল যে বিপদ পার হয়েছে, তখনই আবার এটা মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই অনেকেই এখন বলছেন করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কৃত না হওয়া পর্যন্ত এর প্রভাব থাকবে। দুই. জার্মানি থেকে নিউজিল্যান্ড এমনকি প্রতিবেশী শ্রীলঙ্কা পর্যন্ত সর্বত্রই দেখা যাচ্ছে করোনাভাইরাস মোকাবিলায় দেশের সাফল্য সরকারের দক্ষতা ও জনগণের আস্থার ওপর নির্ভরশীল।
এখন মূল সমস্যা দুটো। এক. জীবন বাঁচাতে হবে, সংক্রমণ রোধ, আক্রান্তদের চিকিৎসা প্রদান এবং যাদের রোজগারের পথ বন্ধ হয়ে গেছে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে। দুই. অর্থনীতির চাকা সচল রাখতে হবে। কার্যতালিকা সংক্ষিপ্ত হলেও কাজগুলো কঠিন।
আমরা যা করেছি
আমরা এ কাজগুলো করতে ইতিমধ্যে কতগুলো ভুল ও দেরি করে ফেলেছি। প্রথমত, মনুষ্যবাহী এ রোগের বাহকদের দেশে প্রবেশ নিয়ন্ত্রণের কাজটি ভালোভাবে করতে পারিনি, তাঁদের সংস্পর্শে আসা লোকদের চিহ্নিত ও আলাদা করতে সক্ষম হইনি। দ্বিতীয়ত, প্রয়োজনীয় সংখ্যক পরীক্ষা না করতে পারা। পরীক্ষার কিট সংগ্রহ ও পরীক্ষাকেন্দ্র স্থাপনে বিলম্ব ও আইইডিসিআরের একক কর্তৃত্বের মাশুল দিতে হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যসেবীদের পিপিই ও চিকিৎসার কেন্দ্র নির্ধারণেও অনেক বিলম্ব হয়েছে। ফলে অনেক ঘোষিত চিকিৎসাকেন্দ্রে পর্যাপ্ত সরঞ্জাম ও জনবলের ব্যবস্থা করা যায়নি। ভেন্টিলেটরের সমস্যার এখনো সুরাহা হয়নি।
সমন্বয়হীনতা কেবল বিদেশ থেকে প্রবেশ ও স্বাস্থ্য খাতেই সীমাবদ্ধ ছিল না। জনপ্রশাসনেও তা ছিল প্রবল। সরকারি অফিস ছুটি ঘোষণা, যানবাহনের চলাচল ও শিল্পকারখানায় উৎপাদনের কোনো সমন্বয় ছিল না। ফলে দলে দলে লোক গ্রামে চলে যায়, আবার পোশাক কারখানায় কাজ করতে ফিরে আসে। মসজিদে জামাতে নামাজ আদায়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও দীর্ঘসূত্রতা দেখা যায়। ফলে সামাজিক দূরত্ব পালনের ঘোষিত নীতির উল্টোটা হতে দেখা যায়।
কাদের জন্য প্রণোদনা
একই সমন্বয়হীনতা আমরা লক্ষ করেছি অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে। হুট করে পোশাকশ্রমিকদের বেতনে সহায়তার নামে পোশাকশিল্পের জন্য পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করা হলো। পরবর্তী সময়ে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব উত্তরণে নতুন করে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হলো।
আমরা বুঝতে পারছি না সরকারের অগ্রাধিকারটা কী? আমাদের মতে প্রথমেই স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া উচিত ছিল। টেস্টিং কিট, টেস্টিং ল্যাব, আইসোলেশন ইউনিট, পিপিই, ভেন্টিলেটর, কর্মীদের জন্য স্বাস্থ্যবিমা, হাসপাতাল ইত্যাদির জন্য। সংবাদে জানা যাচ্ছে, ‘চিকিৎসকসহ ২৯ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত, আইসিইউতে ৩ জন।’ ‘কর্মস্থলে অনুপস্থিত থাকায় কুয়েত–বাংলাদেশ মৈত্রী হাসপাতালের ৬ চিকিৎসক বরখাস্ত।’ হযবরল আর কাকে বলে? চিকিৎসক ও স্বাস্থ্যসেবীদের নিরাপত্তা দিতে ও তাঁদের আস্থায় আনতে না পারলে পরিস্থিতি মোকাবিলা করা কোনোভাবেই সম্ভব হবে না।
কেন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নয়?
স্বাস্থ্য খাতের সমান্তরাল অগ্রাধিকার পাওয়া উচিত ছিল দরিদ্র মানুষের সহায়তা প্রদান। এ ক্ষেত্রে সনাতন, দুর্নীতিগ্রস্ত ও অকার্যকর খাদ্য বিতরণ কর্মসূচি অনুসরণ করা হলো। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন এ ব্যবস্থা, মন্ত্রণালয় থেকে, পিআইও অফিস, ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত সর্বত্রই অসংখ্য ছিদ্রযুক্ত। তাই ত্রাণের চাল চুরির খবরে সংবাদমাধ্যমগুলো সয়লাব। অথচ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের বদৌলতে এখন দেশের যেকোনো জায়গায় অর্থ প্রেরণ করা সম্ভব। আমার এক কনিষ্ঠ সাবেক সহকর্মী ঢাকায় বসে সুদূর রংপুরের পীরগঞ্জে এ ব্যবস্থায় ১৫০ জন হতদরিদ্র মানুষকে আর্থিক সহায়তা পৌঁছে দিতে পারলে সরকার পারবে না কেন? তা ছাড়া দরিদ্রদের সঙ্গে যঁারা প্রতিনিয়ত কাজ করেন, দেশের ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা যায়। ভোটের রাজনীতি, দলীয় ক্যাডার পোষার রাজনীতি থেকে এ দুঃসময়ে বের হতেই হবে।
প্রণোদনার ক্ষেত্রেও একটি ব্যর্থ ব্যবস্থাকেই বেছে নেওয়া হলো। বলা হলো ব্যাংকগুলো গ্রাহকের সঙ্গে তাদের সম্পর্কের ভিত্তিতে ৯ শতাংশ হারে ঋণ প্রদান করবে। সরকার শিল্পভেদে ব্যাংকগুলোকে ৭, ৫, ও ৪ শতাংশ সুদের হারের ভর্তুকি দেবে। এ জন্য ব্যাংকের তারল্যঘাটতি নিরসনে সিআরআরও কমানো হয়েছে। আমরা বাংলাদেশে ‘ব্যাংক-গ্রাহক’ সম্পর্ক বলতে নিজেদের মধ্যে ঋণ বিতরণ এবং বিদেশে অর্থ পাচার বুঝি। তাই এর ফলে সত্যিকার ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র শিল্পমালিকেরা কতটা উপকৃত হবেন, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। তাই প্রশ্ন উঠছে, এ প্রণোদনা কি আসলে পোশাক ও ব্যাংকমালিকদের জন্য?
অথচ সরকার সরাসরি ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে পারত। এখন টিআইএন ও বিআইএন আছে। উদাহরণ হিসেবে বলা যায় ক্ষুদ্র শিল্প, যাঁরা টার্নওভার ট্যাক্স দেন তাঁদের সরাসরি সহায়তা দেওয়া যেত। এতে করে মানুষ দেখত সরকার শুধু ট্যাক্সই নেয় না, বিপদে সাহায্য করতেও এগিয়ে আসে। করব্যবস্থার ওপর মানুষের আস্থা বাড়ত। ভবিষ্যৎ কর আদায়ে ইতিবাচক প্রভাব দেখা যেত।
করণীয় কী?
মানুষজনকে দ্রুততম সময়ে কাজে ফেরাতে হবে। এ জন্য প্রথমেই প্রয়োজন হবে ধারাবাহিকভাবে নতুন আক্রান্তের সংখ্যাটিকে কমিয়ে রোগ সংক্রমণ রেখাটিকে নিম্নগামী করা। এ জন্য গণহারে টেস্ট প্রয়োজন। অনেকে বলছেন, টেস্ট করে কী হবে? এ রোগের তো কোনো ওষুধ নেই। রোগ সংক্রমণ রেখাটিকে নিম্নগামী করা ও মানুষজনকে কাজে ফেরাতে টেস্টের কোনো বিকল্প নেই। আক্রান্তদের চিকিৎসা দিতে হবে আর মুক্তদের কাজে ফিরে যেতে দিতে হবে। এবং তারা যাতে নতুনভাবে সংক্রমিত না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। জার্মানিতে এখন প্রতিদিন এক লাখ টেস্ট করা হচ্ছে। আমাদের মনে রাখতে হবে, দীর্ঘমেয়াদি লকডাউন আমাদের জন্য বিলাসিতা। এর জন্য আর্থিক, জনবল বা সামাজিক সক্ষমতা কোনোটিই আমাদের নেই।
কীভাবে করতে হবে?
প্রথমেই মনে রাখতে হবে, এ সংকটের সমাধান বৈজ্ঞানিকভাবে খুঁজতে হবে। সিদ্ধান্ত অবশ্যই রাজনীতিবিদেরাই নেবেন। তবে তা নিতে হবে চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিজ্ঞানী, অর্থনীতিবিদ ও প্রযুক্তিবিদদের মতামতের ভিত্তিতে। এ ধরনের বৈজ্ঞানিক অজ্ঞতার জন্যই একটি টিভি চ্যানেলে করোনায় মৃত মুসলমানদের কবর দেওয়ার পরিবর্তে দাহ করার প্রস্তাব দেওয়া হয়েছে! ফলে আত্মীয়–পরিজন মৃতদেহ এড়িয়ে চলছেন। মৃতের প্রতি শেষ সম্মানও দেখানো যাচ্ছে না। জার্মানির লকডাউন শিথিল করা হবে কি না, সে সিদ্ধান্ত বিষয়ে জিজ্ঞাসা হলে আঙ্গেলা ম্যার্কেল বলেন যে এ বিষয়ে একটি বৈজ্ঞানিক গবেষণা করা হচ্ছে। তার ফলাফলের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সমন্বয়হীনতা দূর ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য অবিলম্বে একজন সমন্বয়ক নিয়োগ করা প্রয়োজন, যঁার কর্মজীবনে প্রশ্নাতীত সততা ও দক্ষতার স্বাক্ষর রয়েছে। সমন্বয়ক সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ছাড়াও দাতা সংস্থা, এনজিও ও সুশীল সমাজের প্রতিষ্ঠানসমূহের কাজের সমন্বয় করবেন এবং সরকারের সঙ্গে সেতুবন্ধ হিসেবে কাজ করবেন। এটা একদিকে যেমন সবজান্তা কোনো আমলা বা রাজনীতিবিদের দৈনন্দিন কাজ নয়, আবার উপযুক্ত যোগ্যতাসম্পন্ন পেশাজীবী, আমলা বা রাজনীতিবিদ যে কেউ এটা করতে পারেন। এখানে মূল যোগ্যতা হচ্ছে পেশাদারত্ব ও সংবেদনশীলতা।
এ ছাড়া চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিজ্ঞানী, অর্থনীতিবিদ ও প্রযুক্তিবিদদের সমন্বয়ে একটি পরামর্শক পরিষদ গঠন করা যায়। এ জন্য সরকারের বাইরের সহায়তাও গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে যাঁরা সত্য ভাষণে এমনকি ভিন্নমত প্রকাশে কুণ্ঠিত নন, তাঁদের বেছে নিতে হবে। ইতিমধ্যে যাঁরা দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, তঁাদের সরিয়ে দিয়ে যোগ্যতর লোককে নিয়োগ দিতে হবে। সামাজিক দূরত্ববিধি ও দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার জন্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর দুর্নীতির জন্য দ্রুত, দৃশ্যমান ও উদাহরণ সৃষ্টিকারী শাস্তি প্রদান করতে হবে।
সর্বোপরি জনগণকে আস্থায় আনতে হবে, একতাবদ্ধ করতে হবে। এ জন্য জনগণকে প্রকৃত তথ্য জানাতে হবে। দলীয় রাজনীতিকে কিছুদিনের জন্য নির্বাসনে পাঠাতে হবে। বিরোধী দলকে আস্থায় নিয়ে একযোগে কাজ করতে হবে।
মুহাম্মদ ফাওজুল কবির খান সাবেক সচিব ও অর্থনীতিবিদ