ঝিনাইদহে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত বেড়ে ১১৩, মৃত্যু ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়ে ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৬৯ শতাংশ। একই সময় করোনায় জেলায় আরও দুজনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। আজ রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

জেলা সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, গত ২৪ ঘণ্টায় ২৯২ জনের নমুনা পরীক্ষার ফল এসেছে। এর মধ্যে ১১৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। নতুন করে সংক্রমিতদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলার ৪২ জন, শৈলকুপার ১১, হরিনাকুন্ডের ৯, কালীগঞ্জের ২৮, মহেশপুরের ৮ ও কোটচাঁদপুরে ১৫ জন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুজন করোনা রোগী মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনা মৃতের সংখ্যা দাঁড়াল ১০২। নতুন করে ১১৩ জনসহ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৭০৪।

এদিকে সারা দেশের মতো ঝিনাইদহে লকডাউনের চতুর্থ দিন চলছে। লকডাউন কার্যকরে মাঠে আছে সেনা, পুলিশ ও স্থানীয় প্রশাসন। শহরের পোস্ট অফিস মোড়, মুজিব চত্বর, হামদহসহ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। বিনা কারণে যাঁরা বাইরে বের হচ্ছেন, তাঁদের জেরা করে বাড়িতে ফিরিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।