ঝুঁকি আরও বেড়েছে উদাসীনতায়

পাঁচ মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ ৮ হাজার ৪০৭ রোগী শনাক্ত। বেড়েছে শনাক্তের হারও।

নতুন করে করোনার প্রকোপ বেড়েছে। কিন্তু বাড়ছে না সচেতনতা। কেউ মাস্ক পরছেন, কেউ পরছেন না। এতে বাড়ছে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের প্রথম দিনে স্বাস্থ্য অধিদপ্তর দেশে ৩৭০ জনের করোনা শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিল। এর পাঁচ দিনের মাথায় শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ায়। শনাক্তের সংখ্যা এক হাজার থেকে পাঁচ হাজারে পৌঁছাতে সময় লাগে ১০ দিন। এরপর মাত্র দুই দিনের ব্যবধানে (গতকাল ১৮ জানুয়ারি) শনাক্তের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। দেশে এখন দৈনিক যত রোগী শনাক্ত হচ্ছে, এর প্রায় ৮০ শতাংশই ঢাকার বাসিন্দা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক। এরপরও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে জনগণের মধ্যে উদাসীনতা রয়েছে। এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও বেড়েছে। স্বাস্থ্য বিভাগ, সিটি করপোরেশনসহ সরকারি সংস্থাগুলো সক্রিয়ভাবে মাঠে না নামলে সামনে পরিস্থিতি আরও খারাপ হবে।

বিধিনিষেধ দিয়ে তা কার্যকর করার জোরালো কোনো উদ্যোগ নেই। এভাবে রোগী বাড়লে হাসপাতালে চাপ বাড়বে। তখন পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে।
নজরুল ইসলাম, সাবেক উপাচার্য, বিএসএমএমইউ

গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৮ হাজার ৪০৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ২৩ দশমিক ৯৮ শতাংশ। শনাক্তের এই সংখ্যা ও হার গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।

অথচ সপ্তাহ তিনেক আগে ঢাকায় করোনার নতুনধরন অমিক্রনের সংক্রমণ ছিল সীমিত পরিসরে, সুনির্দিষ্ট কিছু এলাকায়। সংক্রমণের এমন পর্যায় গুচ্ছ সংক্রমণ (ক্লাস্টার ট্রান্সমিশন) নামে পরিচিত। এরপর দ্রুতই সংক্রমণ পরিস্থিতির অবনতি হতে থাকে।

দেশে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির সদস্য আবু জামিল ফয়সাল। তিনি প্রথম আলোকে বলেন, অমিক্রন ছাড়া করোনার অন্য কোনো ধরনের মাধ্যমে এত দ্রুত সংক্রমণ বৃদ্ধি সম্ভব নয়। অমিক্রনের উপসর্গ মৃদু হওয়ায় অনেকে পরীক্ষা করাচ্ছে না। শনাক্তের যে সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যাচ্ছে, তার চেয়ে আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে।

গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে দেখা যাচ্ছে, দেশে দৈনিক করোনা শনাক্তের ৭৮ থেকে ৮২ শতাংশই ঢাকার বাসিন্দা। চলতি বছরের প্রথম ১৮ দিনে করোনা শনাক্ত হয়েছে ৪৭ হাজার ২৫৫ জনের। গত অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর—এই তিন মাসে মোট শনাক্ত ছিল ২৯ হাজার ৪০৮ জন। অর্থাৎ তিন মাসের বেশি রোগী গত ১৮ দিনে শনাক্ত হয়েছে।

সংক্রমণের এমন পরিস্থিতি নিয়ে সরকারের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গত সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সচিবালয়ে এক অনুষ্ঠানে বলেন, সংক্রমণ নিয়ে তাঁরা কিছুটা হলেও চিন্তিত, আতঙ্কিত। সংক্রমণ এভাবে বাড়তে থাকলে এক-দেড় মাসের মধ্যে হাসপাতালে কোনো জায়গা থাকবে না। ঢাকায় অমিক্রনে আক্রান্ত এখন ৬৯ শতাংশে উন্নীত হয়েছে। যেটা আগে ১৩ শতাংশ ছিল। ডেলটা ও অমিক্রনে আক্রান্ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

অমিক্রনই বাড়াচ্ছে সংক্রমণ

গত বছরের ৯ ডিসেম্বর জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য প্রথম অমিক্রনে আক্রান্ত হন। এর পর থেকে এখন পর্যন্ত জিনোম সিকোয়েন্স করে করোনার অমিক্রন ধরনে দেশে ৫৫ জন সংক্রমিত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আন্তর্জাতিক তথ্যভান্ডার জার্মানির দ্য গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার (জিআইএসএআইডি) তথ্য অনুযায়ী, অমিক্রনে সংক্রমিত ৫৫ জনের মধ্যে ৫২ জনই ঢাকার বাসিন্দা। আর ৩ জন যশোরের।

জিআইএসএআইডির তথ্য অনুযায়ী, অমিক্রনে আক্রান্তদের মধ্যে রাজধানীর মহাখালীর বাসিন্দা ১৮ জন, বাসাবোর বাসিন্দা ৬ জন, উত্তরার ৪ জন, চানখাঁরপুলের ৪ জন রয়েছেন। বাকি ২০ জন ঢাকার বাসিন্দা হলেও তাঁদের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায়নি। অমিক্রনে আক্রান্ত ৫৫ জনের মধ্যে ৩০ জনই নারী।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনার জিনোম সিকোয়েন্সের কাজটি এখন পর্যন্ত সুসংগঠিতভাবে করা হচ্ছে না। স্বাস্থ্য বিভাগ দেশে ৫০০ করোনা শনাক্ত রোগীর মধ্যে মাত্র ১ জনের নমুনার জিন বিশ্লেষণ করে। এত কমসংখ্যক নমুনা বিশ্লেষণের মাধ্যমে কোন ধরন কী পরিমাণে ছড়াচ্ছে, তা বলা মুশকিল। তবে পারিপার্শ্বিকতা ও অন্যান্য দেশের অভিজ্ঞতার ভিত্তিতে তাঁরা বলছেন, অমিক্রনের সংক্রমণেই শনাক্ত দ্রুত বাড়ছে।

দেশে ২০২০ সালের মার্চে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। ওই বছরের জুন-জুলাই মাসে করোনা সংক্রমণের প্রথম ঢেউ ছিল বেশ তীব্র। গত বছরের মার্চে শুরু হয় করোনার দ্বিতীয় ঢেউ। করোনার ডেলটা ধরনের সংক্রমণে গত বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়ে যায়। আগস্ট থেকে সংক্রমণ কমতে থাকে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। তবে তিন সপ্তাহ ধরে আবার সংক্রমণে উল্লম্ফন দেখা যাচ্ছে।

হাসপাতালে ভর্তি রোগীরা ডেলটা ধরনে আক্রান্ত

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত এক মাসে যাঁরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তাঁদের কেউ অমিক্রনে আক্রান্ত নন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল এ তথ্য জানানো হয়।

করোনা রোগীদের জিনোম সিকোয়েন্স নিয়ে করা এই গবেষণায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিকস অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান লায়লা আঞ্জুমান বানু। তিনি বলেন, গত বছরের ৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ৮ জানুয়ারি পর্যন্ত এক মাসে ৯৬ জন করোনা রোগীর নমুনার জিনোম সিকোয়েন্স করেন তাঁরা। হাসপাতালে ভর্তি রোগী, হাসপাতালের বহির্বিভাগে আসা রোগী ও বিভিন্ন জেলা থেকে এসব নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত ৯৬টি নমুনার মধ্যে ২০ শতাংশ ক্ষেত্রে অমিক্রন ধরন শনাক্ত হয়েছে। তবে এর কোনোটি হাসপাতালে ভর্তি হওয়া রোগীর নমুনা ছিল না।

সংবাদ সম্মেলনে বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেন, অমিক্রনের উপসর্গ সাধারণত মৃদু হতে দেখা যাচ্ছে। তবে দীর্ঘস্থায়ী অন্যান্য রোগ আছে, এমন ব্যক্তি অমিক্রন বা করোনার যেকোনো ধরনে আক্রান্ত হলে ঝুঁকি অনেক বেড়ে যায়। সুতরাং অমিক্রনকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই।

পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৩৫ হাজার ৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৮ হাজার ৪০৭ জনের। এক দিনের ব্যবধানে নতুন রোগী বেড়েছে ১ হাজার ৭৩১ জন। এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল পাঁচ মাসের বেশি সময় আগে, গত বছরের ১৩ আগস্ট।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৯৮ শতাংশ। এর চেয়ে বেশি শনাক্তের হার ছিল গত ৯ আগস্ট। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৮ জন পুরুষ এবং ২ জন নারী। তাঁদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

দেশে এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জন। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৬৪ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৭৯৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৭৫ জন সুস্থ হয়েছেন।

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে ১৩ জানুয়ারি থেকে দেশজুড়ে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান-সমাবেশ বন্ধসহ ১১ দফা বিধিনিষেধ আরোপ করেছে সরকার। তবে এখনো মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা দেখা যাচ্ছে না। সরকারি সংস্থাগুলোর কার্যক্রম বিচ্ছিন্নভাবে কিছু ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সংক্রমণ মোকাবিলায় সতর্ক না হলে কিছুদিনের মধ্যে সংক্রমণ আরও অনেক বাড়বে বলে জনস্বাস্থ্যবিদেরা আশঙ্কা করছেন।

করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য এবং বিএসএমএমইউর সাবেক উপাচার্য নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো সবকিছুই করছে ঢিমেতালে। বিধিনিষেধ দিয়ে তা কার্যকর করার জোরালো কোনো উদ্যোগ নেই। সংক্রমণ নিয়ন্ত্রণে মৌলিক কাজগুলো হচ্ছে না। যে কারণে দ্রুত রোগী বাড়ছে। এভাবে রোগী বাড়লে হাসপাতালে চাপ বাড়বে। তখন পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে।