টাঙ্গাইলে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু দুই-ই আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। গ্রামে গ্রামে করোনার উপসর্গ রোগী রয়েছে প্রচুর। কিন্তু করোনা পরীক্ষায় আগ্রহী নন বেশির ভাগ মানুষ। দেশের সীমান্তবর্তী এলাকা থেকে আসা যাত্রী ও মালবাহী যানবাহনের মাধ্যমেও জেলায় এবার করোনার সংক্রমণ ছড়িয়েছে। এর জন্য সাধারণ মানুষের উদাসীনতা ও স্বাস্থ্যবিধি মেনে না চলাকে দুষছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ এপ্রিল। মির্জাপুর উপজেলায় শনাক্ত হওয়া ওই রোগী নারায়ণগঞ্জে একটি ক্লিনিকে চাকরি করতেন। সেখান থেকেই আক্রান্ত হয়ে বাড়িতে এসেছিলেন। গত বছরের মে মাসের শেষ দিক থেকে জেলায় আক্রান্ত রোগী বাড়তে থাকে। সেপ্টেম্বরের দিকে আক্রান্তের হার আবার কমে আসে।
করোনায় আক্রান্ত হয়ে জেলায় প্রথম রোগী মহিউদ্দিনের (২০) মৃত্যু হয় গত বছরের ২০ এপ্রিল। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩৯ জনের। এর মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে গত এক সপ্তাহে (১-৭ জুলাই)। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে।
জেলায় করোনাভাইরাসে আক্রান্তের হার এ বছর বাড়তে থাকে গত জুনের শুরুতে। ১২ জুন থেকে আক্রান্তের হার ৩০ শতাংশ ছাড়িয়ে যায়। মাঝে ২৫ ও ২৬ জুন আক্রান্তের হার ২৫ শতাংশের নিচে নামলেও পরে তা আবার বেড়ে যায়। জুলাই মাস থেকে আক্রান্তের হার ৪০ শতাংশের ওপরে রয়েছে। ৭ জুলাই আক্রান্তের হার ছিল ৫১ দশমিক ১১ শতাংশ। জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩২১ জন।
দেশের সীমান্তবর্তী এলাকা থেকে আসা যাত্রী ও মালবাহী যানবাহনের মাধ্যমেই টাঙ্গাইলে এবার করোনার সংক্রমণ বেড়েছে বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। ওই সব এলাকার যানবাহন বঙ্গবন্ধু সেতু পার হয়ে ঢাকায় যেতে টাঙ্গাইল জেলার প্রায় ৬৫ কিলোমিটার সড়ক পারি দিতে হয়। এই যাত্রাপথে যানবাহনগুলো যাত্রী ওঠানামা করে, বিভিন্ন পেট্রলপাম্পে জ্বালানি নেওয়ার জন্য থামে। এ ছাড়া মহাসড়কের পাশের হোটেল-রেস্তোরাঁয় যাত্রাবিরতি দেয়। এভাবেই টাঙ্গাইল সদর, কালিহাতী ও মির্জাপুর—এই তিন উপজেলায় করোনার সংক্রমণ বেশি ছড়িয়েছে বলে মনে করছেন টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান।
রোগী শনাক্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নমুনা সংগ্রহ করা হয়। এ ছাড়া বাড়ি বাড়ি গিয়েও নমুনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। গত বছর করোনার সংক্রমণ শুরু হওয়ার পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ট্রমা সেন্টার ভবনে ৫০ শয্যার একটি করোনা ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়। এখন এই ওয়ার্ডে করোনা সন্দেহভাজন রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনায় আক্রান্ত রোগীদের জন্য জেনারেল হাসপাতালের দুটি ওয়ার্ডকে করোনা ডেডিকেটেড ওয়ার্ড করা হয়েছে। সেখানে ৫৬টি শয্যা রয়েছে। এ ছাড়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১০টি শয্যা রয়েছে। গতকাল বুধবার ৫৬ শয্যার করোনা ওয়ার্ডে ৭৭ জন রোগী ভর্তি ছিলেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে। পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডারও রয়েছে। হাই ফ্লো নাজাল ক্যানুলা রয়েছে ১৭টি। গত এক সপ্তাহে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে কয়েকটি হাই ফ্লো নাজাল ক্যানুলা পাওয়া গেছে। শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি হলেও এখন পর্যন্ত চিকিৎসাসেবা স্বাভাবিকের মতোই দেওয়া যাচ্ছে। তবে রোগীর সংখ্যা আরও বাড়লে চিকিৎসাসেবা ব্যাহত হতে পারে।
টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান জানান, অন্য যেকোনো সময়ের চেয়ে বিধিনিষেধ বেশি মেনে চলছে মানুষ। তারপরও আক্রান্তের হার কমছে না। করোনা পরীক্ষা না করা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে সংক্রমণ দ্রুত বাড়ছে বলে মনে করেন সিভিল সার্জন।