টিকার বুস্টার ডোজ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনার টিকা বুস্টার ডোজ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা প্রান্তিক জনগোষ্ঠীসহ সবাইকে টিকা দেওয়ার পর বুস্টার ডোজ নিয়ে চিন্তাভাবনা করব। আর বুস্টার ডোজের বিষয়ে টিকাবিষয়ক জাতীয় কমিটি থেকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবের কাছ থেকে অ্যাস্ট্রাজেনেকার উপহারের টিকা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশকে ১৫ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে সৌদি আরব। অনুষ্ঠানে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আলদুহাইলান স্বাস্থ্য ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে ওই টিকা হস্তান্তর করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা ২১ কোটি টিকা কিনেছি। এর মধ্যে ১১ কোটি টিকা দেশে এসেছে। বাংলাদেশ কোভ্যাক্সের আওতায় ৯ কোটি টিকা পেয়েছে। প্রতিদিন আমরা ১৫ লাখ লোককে টিকা দিচ্ছি। তবে প্রতিদিন আমাদের ৮০ লাখ লোককে টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে।’

জাহিদ মালেক বলেন, ‘সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা নিয়ে সৌদি আরব গেলে কোয়ারেন্টিনের প্রয়োজন হয়। আমরা সৌদি আরবকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছি।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।