ট্রাম্পকে মিশিগানে সমাবেশ করতে বাধা দেবেন গভর্নর

মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রিচেন হুইটমার বলেছেন, করোনাভাইরাস মহামারির মধ্যে মিশিগানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনসভা করতে বাধা দেওয়ার চেষ্টা করা হবে। বিষয়টি নিয়ে তিনি খুব গুরুত্বের সঙ্গে ভাবছেন।
২০ জুন ওকলাহোমায় ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচার সমাবেশ করার আগে মিশিগানের ডেমোক্রেটিক গভর্নর হুইটমার এই মন্তব্য করেন। তিনি বলেন, কীভাবে এখানে সম্ভাব্য সমাবেশটিতে বাধা দেওয়া হবে—এ ব্যাপারে এখনো তিনি নিশ্চিত নন। তবে এই মহামারির মধ্যে মাস্ক ছাড়া জড়ো হওয়া ঠিক নয়।
৫ জুন ইস্যু করা হুইটমারের এক নির্বাহী আদেশে মিশিগানে ঘরের ভেতর ৫০ জন এবং ঘরের বাইরে ২৫০ জনের বেশি মানুষ সমাবেশ করতে পারবে না। ১৮ জুন মিশিগানের গভর্নর রাজ্যে জরুরি অবস্থার মেয়াদ আগামী ১৬ জুলাই পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন।
২২ জুন গভর্নরের মুখপাত্র ইফনি ব্রাউন বলেন, গভর্নরের মন্তব্যে তাঁর নতুন কিছু যোগ করার নেই। সিডিসির নির্দেশিকা অনুযায়ী মহামারি চলাকালে কোনো অনুষ্ঠান বা সমাবেশের আকার রাষ্ট্র, স্থানীয়, আঞ্চলিক বা উপজাতি সুরক্ষা আইন এবং বিধিবিধানের ভিত্তিতে নির্ধারণ করা উচিত।
১৯৮৮ সালের পর ২০১৬ সালে মিশিগানে প্রথম রিপাবলিকান প্রার্থী হিসেবে ট্রাম্প ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে ১০ হাজার ৭০৪ ভোটে পরাজিত করেছিলেন। মিশিগান অঙ্গরাজ্য সব সময়ই ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি বলে পরিচিত। রিপাবলিকানরা মিশিগানে তাঁদের জয় ধরে রাখতে কাজ করে যাচ্ছেন। এদিকে হুইটমার করোনাভাইরাস প্রতিরোধে ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার সমালোচনা করেছেন।
ট্রাম্পের মুখপাত্র ক্রিস গুস্তাফসন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স নিরাপদে মিশিগানে অনুষ্ঠান করার অপেক্ষায় আছেন।