দুই ছেলেসহ আইসিটি প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

ছবি: ফেসবুক থেকে নেওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর দুই ছেলেরও করোনা পজিটিভ। গতকাল মঙ্গলবার রাতে প্রতিমন্ত্রী নিজেই এক ফেসবুক পোস্টে এ খবর জানান।

ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে প্রতিমন্ত্রী লিখেছেন, ‘কিছুক্ষণ আগে কোভিড টেস্টের রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজ ছেলে অর্জনের কোভিড পজিটিভ এসেছে।’ তিনি তাঁর পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, প্রতিমন্ত্রী বাসাতেই আছেন। তাঁরা শারীরিকভাবে সুস্থ আছেন।

তথ্যপ্রযুক্তি খাতে সহায়তা ও যৌথভাবে কাজ করা নিয়ে আজ বুধবার ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে জুনাইদ আহ্‌মেদের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল। গতকাল রাতেই তা বাতিল করা হয়।

প্রতিমন্ত্রী পলক সম্প্রতি কানাডা ও যুক্তরাষ্ট্র সফর করে দেশে ফিরেছেন।