দুই দিন পর মৌলভীবাজারে শনাক্ত আবার ১০০ ছাড়াল
মৌলভীবাজারে গত দুই দিন করোনা শনাক্তের সংখ্যা ৫০–এর নিচে থাকলেও গত ২৪ ঘণ্টায় আবার তা একলাফে ১০০ ছাড়িয়ে গেছে। মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত জেলায় ৪৫৯ জনের নমুনা পরীক্ষায় ১০৪ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২২ দশমিক ৭। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।
প্রায় আড়াই মাস পর সোমবার জেলায় শনাক্তের হার ২০–এর নিচে নেমে এসেছিল। ওই দিন ১৯২ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৮। পরদিন মঙ্গলবার ১১৬ জনের নমুনা পরীক্ষায় ৩২ জন শনাক্ত হয়। শনাক্তের হার ২৭ দশমিক ৫৮। বুধবার শনাক্তের হার কমলেও নমুনা পরীক্ষার পাশাপাশি শনাক্তের সংখ্যা বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে বড়লেখায় সর্বোচ্চ ৫৫ জন, সদর উপজেলায় ১০, জুড়ীতে ১৩, শ্রীমঙ্গলে ৫, কমলগঞ্জে ৬, কুলাউড়ায় ১৩ ও রাজনগরে ২ জন আছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭ হাজার ১৯০। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৪০১ জন, মারা গেছেন ৬৯ জন।
জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ প্রথম আলোকে বলেন, আগের চেয়ে শনাক্তের হার কমেছে, তবে এখনো তা ২০ শতাংশের ওপরে। গত সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা ৫০–এর নিচে ছিল। তবে বুধবার এক দিনে আবার ১০০ ছাড়িয়েছে। পরিস্থিতি এখনো শঙ্কামুক্ত নয়। সবাইকে সচেতন থাকতে হবে। চলাচলের ক্ষেত্রে মাস্ক পরতে হবে ও স্বাস্থ্যবিধি মানতে হবে।