দেশে করোনা শনাক্ত ৭১ জনের, মৃত্যু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
ফাইল ছবি

দেশে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। শনাক্ত রোগীদের ৬৮ জনই ঢাকা বিভাগের। আর তিনজন চট্টগ্রাম বিভাগের। বাকি ছয় বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়নি।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মোট ৬ হাজার ২২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৩৫ শতাংশ।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৪ হাজার ৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ১৭৫ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। একই মাসের ১৮ তারিখে প্রথম একজনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়।

শুরু থেকে এখন পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত বছরের ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন অমিক্রনের প্রভাবে দ্রুত বাড়তে থাকে রোগী শনাক্ত ও শনাক্তের হার।

চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে নিয়মিতভাবে রোগী শনাক্ত ও শনাক্তের হার কমেছে। দেশে সংক্রমণ কমে আসায় আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তুলে নেওয়া হয়েছে করোনাকালীন বিধিনিষেধ।