করোনায় শনাক্তের সংখ্যা বাড়ল
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) করোনায় সংক্রমিত আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৩৪ জন। গতকাল রোববারের তুলনায় আজ শনাক্তের সংখ্যা বেড়েছে।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় চারজনের মৃত্যু এবং ২২৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছিল।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে মোট ১৭ হাজার ৭০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ১ দশমিক ৩২ শতাংশ। আগের দিন এ হার ছিল ১ দশমিক ১৪।
গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭২ হাজার ৭৩৫। তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯২৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৭৪৪ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২২৯ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় যে চারজনের মৃত্যু হয়েছে, তাঁরা পুরুষ। মারা যাওয়া চারজনের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা ও রাজশাহী বিভাগে একজন করে রয়েছেন। বাকি পাঁচ বিভাগে কারও মৃত্যু হয়নি।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ মার্চ।
এরপর বিভিন্ন সময় করোনার সংক্রমণ কমবেশি হয়েছে। তবে চলতি বছরের মে মাসের শেষের দিকে দেশে করোনার ডেলটা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে। গত আগস্টের প্রথম দিকে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু, উভয়ই কমতে শুরু করে।