দেশে সাত মাসের মধ্যে করোনা রোগী শনাক্তের হার সর্বনিম্ন
দেশে সবশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) করোনা সংক্রমণে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৬০ জন। করোনার সংক্রমণ শনাক্তের হার সাত মাসের মধ্যে কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ২৪-এ।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল ১ হাজার ১৭৮ জন করোনা সংক্রমিত রোগী শনাক্তের কথা জানানো হয়েছিল, মারা গিয়েছিলেন ১৭ জন। সাড়ে ৬ মাসের মধ্যে এটি করোনায় এক দিনে সর্বনিম্ন মৃত্যুর ঘটনা। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ১২। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শনাক্তের হার ছিল ২ দশমিক ৭৮।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৫৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে টানা ১০ দিন দেশে রোগী শনাক্তের হার ৫-এর নিচে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে রোগী শনাক্তের হার ৫-এর নিচে থাকলে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে আছে বলে ধরা হয়।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।
এরপর বিভিন্ন সময়ে সংক্রমণ কমবেশি হলেও গত মে মাসের শেষ দিক থেকে করোনার ডেলটা ধরনের দাপটে সংক্রমণ ও মৃত্যু বাড়ে। গত ২৬ মের বুলেটিনে করোনায় ১৭ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। এরপর ক্রমে করোনায় মৃত্যু ও রোগী শনাক্তের সংখ্যা বাড়তে থাকে। জুলাইয়ের দুই দিন দেশে এক দিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এরপর আগস্টে দেশে করোনার গণটিকাদান শুরু হয়। গত মাসের শেষ দিক থেকে দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু কমতে শুরু করে।
সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ৫৫ হাজার ৯১১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫১০ জনের। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৫ হাজার ৯৪১ জন। সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৭৯ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় যে ১৭ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে পুরুষ ১১ ও নারী ১২ জন। এ সময় সবচেয়ে বেশি ৭ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। ঢাকা বিভাগে মারা গেছেন ৬ জন। রাজশাহী ও খুলনা বিভাগে কেউ মারা যাননি। বরিশাল ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।